'অবৈধভাবে' বসবাসরত ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ভারত থেকে মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং এনডিটিভি শুক্রবার জানিয়েছে, এ সংক্রান্ত এক আবেদনে সাড়া দিয়ে ভারতের সর্বোচ্চ আদালত শুনানিতে সম্মত হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর ওই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্প্রতি 'অবৈধভাবে' বসবাসরত ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে দেশ থেকে বের করে মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর প্রেক্ষিতে আদালতে দু’জন রোহিঙ্গা অভিবাসীর পক্ষ থেকে দায়ের করা পিটিশনে বলা হয়েছে, মিয়ানমারে তারা মামলার মুখোমুখি হচ্ছেন এবং তাদের সেখানে ফেরত পাঠানো হলে তা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে।
এনডিটিভি জানিয়েছে, আইনজীবী প্রশান্ত ভূষণের এ সংক্রান্ত প্রস্তাব বিবেচনা করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির সমন্বিত বেঞ্চ এ ব্যাপারে দ্রুত শুনানিতে সম্মত হয়েছে। প্রশান্ত ভূষণ শুনানির জন্য আদালতে হলফনামা দিয়েছিলেন।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন গণমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে গত ১৮ আগস্ট সপ্রণোদিত হয়ে এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নোটিশ পাঠিয়েছে। এবং স্বরাষ্ট্র সচিবকে এ ব্যাপারে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়। পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকেও রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর ভারতীয় পরিকল্পনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।








