সম্প্রতি স্পেন থেকে স্বাধীনতার প্রশ্নে কাতালোনিয়ায় অনুষ্ঠিত গণভোটে পুলিশি হামলার জন্য ক্ষমা চেয়েছেন স্প্যানিশ সরকারের এক কর্মকর্তা। এর মধ্য দিয়ে স্পেন সরকারের কোনও কর্মকর্তা প্রথমবারের মতো ওই সহিংস হামলার জন্য ক্ষমা প্রার্থনা করলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ওই কর্মকর্তার নাম এনরিক মিলো। কাতালোনিয়ায় স্পেন সরকারের সর্বজ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে নিয়োজিত রয়েছেন তিনি। কাতালান সরকারের দাবি ১ অক্টোবর কাতালোনিয়ার গণভোট ঠেকাতে ভোটকেন্দ্রগুলোতে স্পেন পুলিশের অভিযানে শত শত মানুষ আহত হয়। এ ব্যাপারে কাতালোনিয়াভিত্তিক সংবাদমাধ্যম টিভি থ্রিকে দেওয়া সাক্ষাৎকারে মিলো বলেন, ‘যখন আমি ছবিগুলো দেখেছি এবং জানতে পেরেছি ওই লোকগুলোকে আঘাত করা হয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে এবং একজনকে হাসপাতালে নিতে হয়েছে-তখন জড়িত কর্মকর্তাদের পক্ষ থেকে ক্ষমা চাওয়া ছাড়া আর কীইবা করতে পারি।’
তবে মিলোর দাবি, স্পেন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণভোট চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কাতালান প্রেসিডেন্ট ও তার সরকারকে দায়ী করতে হবে।
/এফইউ/








