রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে ভারতের মিজোরাম সীমান্তে নিরাপত্তা জোরদার

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৭, ১৭:৪১আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৭:৪৯

রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে ভারতের মিজোরাম সীমান্তে নিরাপত্তা জোরদার রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে মিজোরাম সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। এ লক্ষ্যে মিজোরাম-মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলস-এর অতিরিক্ত আটটি কোম্পানি মোতায়েন করা হয়েছে। মিয়ানমার থেকে যেন কোনও রোহিঙ্গা মুসলিম ভারতে প্রবেশ করতে না পারে, তার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। আসাম, মনিপুর ও নাগাল্যান্ড রাজ্য থেকে পাঁচটি কোম্পানি এবং মিজোরামের বিভিন্ন স্থান থেকে বাকি তিনটি কোম্পানির সদস্যদের মিয়ানমার সীমান্তে মোতায়েন করা হয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের আশঙ্কা, মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গারা মিজোরামে প্রবেশ করতে পারে। কিন্তু মিজোরামের মানুষের সঙ্গে রোহিঙ্গাদের কোনও মিল নেই। তাদের ধর্ম এবং ভাষা-সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে।

কর্মকর্তারা জানান, মিয়ানমার থেকে এবার এখনও পর্যন্ত কোনও রোহিঙ্গা ভারতে প্রবেশ করেনি। তবে সরকারের সিদ্ধান্ত হচ্ছে, কেউ প্রবেশ করলেও তাদের ফেরত পাঠানো হবে।

রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে শুধু মিজোরাম নয়; মিয়ানমার ও বাংলাদেশ সংলগ্ন অন্যান্য সীমান্তেও নজরদারি বাড়িয়েছে ভারত। এরইমধ্যে সীমান্তের ১৪০টি পয়েন্টে নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বসানো হয়েছে নজরদারির বিভিন্ন যন্ত্রপাতি। এছাড়া রোহিঙ্গাদের গোপনে ভারত ঢুকতে সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক কে কে শর্মা সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

বিএসএফ মহাপরিচালক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ১৪০টি পয়েন্ট অরক্ষিত অবস্থায় রয়েছে। এসব পয়েন্ট ব্যবহার করে রোহিঙ্গা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে। ফলে বাড়তি জনবল ও নজরদারির সামগ্রী মোতায়েন করে এসব পয়েন্টের নিরাপত্তা শক্তিশালী করা হয়েছে।

এর আগে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে সমুদ্রসীমা বন্ধ করে দেয় ভারত। এমনকি বাংলাদেশ সীমান্তে মরিচের গুঁড়া ও স্টান গ্রেনেডের ব্যবহারও শুরু করে দেশটি।

দিল্লিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা তাদের গুরুতর আহত বা গ্রেফতার করতে চাই না। কিন্তু ভারতের মাটিতে রোহিঙ্গাদের সহ্য করা হবে না।

স্টান গ্রেনেড ব্যবহার করে মানুষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এর শব্দ ও আলোর ঝলকানি মানুষকে অচেতন করে ফেলে কিন্তু শারীরিকভাবে আহত করে না। আর মরিচের গুঁড়ার গ্রেনেড ব্যবহারে শরীরে জ্বালাপোড়া হয়। ব্যক্তি সাময়িকভাবে অনেকটা সম্বিত হারিয়ে ফেলেন।

এই বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন বিএসএফ-এর ওই কর্মকর্তা। তিনি বলেন, ভারতে প্রবেশে চেষ্টাকারী কয়েকশ রোহিঙ্গাকে তাড়িয়ে দিতে আমরা মরিচের গুঁড়াযুক্ত গ্রেনেড ব্যবহার করছি।

বিএসএফ-এর উপ-মহাপরিদর্শক আর. পি. এস জসওয়াল বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্তের বড় অংশের টহল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। তিনি জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সীমান্তরক্ষীরা মরিচের গুঁড়ার গ্রেনেড ও স্টান গ্রেনেড ব্যবহার করছে।

রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে সমুদ্রসীমা বন্ধ করে দেওয়ার বিষয়ে রয়টার্সের সঙ্গে কথা বলেন ভারতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, সমুদ্রসীমা রক্ষায় নিয়োজিত বাহিনীর অত্যাধুনিক 'ডর্নিয়ার' মেরিটাইম পেট্রোল উড়োজাহাজ, হোভারক্রাফট এবং জাহাজ টহলের ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে পুরো এলাকাতেই এটা করা হয়েছে।

জাতীয় নিরাপত্তার জন্য রোহিঙ্গাদের একটি প্রধান হুমকি মনে করে ভারত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতে অবস্থানরত রোহিঙ্গারা শরণার্থী নয়, তারা অবৈধ অভিবাসী।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম