দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে ডুবোজাহাজের বহর মোতায়েন করেছে চীন। দেশটির সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের দাবি, এই অঞ্চলে যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে এ বহরকে সেখানে মোতায়েন করা হয়। মঙ্গলবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এ বহরের আওতায় তাইওয়ান প্রণালি থেকে শুরু করে জেমস শোয়াল পর্যন্ত অঞ্চল থাকবে। এ অঞ্চলেই বিতর্কিত পার্সেল দ্বীপপুঞ্জ, ম্যাকক্লিসফিল্ড ব্যাংক এবং স্পার্টলি দ্বীপপুঞ্জ অবস্থিত।
আরেকটি চীনা সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসকে দেওয়া সাক্ষাতকারে দেশটির প্রতিরক্ষা বিশ্লেষক নি লেক্সিয়ন বলেন, এটি ইঙ্গিত দিচ্ছে যে দক্ষিণ চীন সাগরের চীনা নৌবহর যুদ্ধের জন্য আরো প্রস্তুতি নিচ্ছে।
পিপলস লাইফ ডেইলিকে দক্ষিণ চীন সাগরের নৌবহরের নজরদারিতে নিয়োজিত চীনা কম্যুনিস্ট পার্টির রাজনৈতিক কর্মকর্তা কে হেহাই বলেছেন, চীনা সেনাবাহিনীর সর্বশেষ সংস্কারের আওতায় ডুবোজাহাজ বহরকে সেখানে মোতায়েন করা হয়েছে।








