তাজমহলের সামনে ঝাড়ু হাতে স্বচ্ছ অভিযানে অংশ নিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের পর্যটন বুকলেটে তাজমহলকে অন্তর্ভূক্ত না করায় বেশকিছুদিন বিতর্ক চলছে। সমালোচনার মুখে পড়েছেন আদিত্যনাথ। তবে এর মাঝেই পৃথিবীর অন্যতম এই সপ্তাশ্চর্যে দর্শনে গিয়ে রাস্তা পরিষ্কারে হাতে তুলে নিয়েছেন ঝাড়ু। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে তাজমহল যান আদিত্যনাথ। তাজমহলের পশ্চিম গেটের সামনে ঝাড়ু হাতে তার সঙ্গে থাকেন আরও ৫০০ জন৷ এছাড়া মুঘল সম্রাট শাহজাহানের সমাধির সামনেও কিছু সময় কাটান তিনি।
অভিযোগ উঠেছে, তাজমহল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা ধামাচাপা দিতেই যোগী সেখানে যান। বিজেপির কোনও মুখ্যমন্ত্রীই তাজমহলে সফরে যাননি৷ উত্তরপ্রদেশের পর্যটন বুকলেটে তাজমহলের নাম না থাকা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার। সমালোচনা কাটাতে এক বিবৃতি দেন আদিত্যনাথ। বলেন, এটি ভারতীয়দের শ্রমে-ঘামে নির্মিত। তাই এটি সংরক্ষণে করণীয় সবকিছুই করবে উত্তর প্রদেশের সরকার।








