প্রথম দেশে হিসেবে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসা সহযোগিতার অংশ হিসেবে ভ্রাম্যমাণ হাসপাতাল পাঠাচ্ছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এ খবর জানিয়েছে।
এই ভ্রাম্যমাণ হাসপাতাল রোহিঙ্গাদের ডায়াগনস্টিক, থেরাপি ও প্রতিরোধমূলক চিকিৎসা সেবা দেবে। বিশেষ করে শিশু ও অল্প বয়সীদের জন্য স্বাস্থ্যসেবায় কাজ করবে এই ভ্রাম্যমাণ হাসপাতাল। বাংলাদেশ ও আরব আমিরাতের যৌথ মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে এটি পরিচালিত হবে।
জায়েদ গিভিং ইনিশিয়েটিভ, ডার আল বার সোসাইটি ও সৌদি-জার্মান হাসপাতাল দুবাই ও শারজাহ চ্যারিটি হাউসের উদ্যোগে এই ভ্রাম্যমাণ হাসপাতাল গঠন করা হয়েছে।
জায়েদ গিভিং ইনিশিয়েটিভের মানবিক সহযোগিতা দূত এবং সৌদি-জার্মান হাসপাতাল দুবাই-এর প্রধান নির্বাহী ড. রিম ওসমান জানান, বাংলাদেশে রোহিঙ্গাদের সহযোগিতায় সরকারের ত্রাণ কার্যক্রমের অংশ এই ভ্রাম্যমাণ হাসপাতাল।
এর আগে চলতি মাসের শুরুতে দুবাইয়ের শাসক রোহিঙ্গাদের ত্রাণবাহী বিমানের জন্য তিনটি এয়ার লিফটের নির্দেশ দিয়েছিলেন। সূত্র: অ্যারাবিয়ান বিজনেস।








