ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি প্রস্তাব উত্থাপনের আহ্বান জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট। ইসলামী সহযোগী সংস্থার (ওআইসি) ৫৭ সদস্য রাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকার কমিটির কাছে ওই খসড়া প্রস্তাবটি পাঠিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি নিশ্চিত করেছে।
খসড়া প্রস্তাবে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। আগামী ১৪ নভেম্বর সাধারণ পরিষদে মানবাধিকার কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে প্রস্তাবটির ওপর ভোটাভুটির কথা রয়েছে। এটির কথা উল্লেখ করে মানবাধিকার কমিটি জানায়, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোও মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ এ মানবাধিকার লঙ্ঘন ও হত্যাযজ্ঞের ব্যাপারে ‘অধিক উদ্বিগ্ন’।
এএফপি আর আলজাজিরা জানিয়েছে, ওই প্রস্তাবের মাধ্যমে মুসলিম দেশগুলো রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করে তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া রাখাইন রাজ্যজুড়ে রোহিঙ্গাদের জন্য অবাধ ত্রাণসামগ্রী সরবরাহ এবং বাংলাদেশে আশ্রিত সব রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে পূর্ণাঙ্গ নাগরিকত্ব নিশ্চিত করার জন্য মিয়ানমার কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়েছে।








