আয়ারল্যান্ডের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বব গেলডফ তার সম্মানসূচক ফ্রিডম অফ দ্য সিটি অফ ডাবলিন অ্যাওয়ার্ড ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। অং সান সু চিও ওই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা য়ায়।
প্রতিবেদনে বলা হয়, সঙ্গীতজ্ঞ ও লাইভ এইড- এর প্রতিষ্ঠাতা বব গেলডফ এক বিবৃতিতে বলেন, ‘আমরা তাঁকে (সু চি) সম্মানিত করেছিলাম, এখন তিনি আমাদের লজ্জিত করেছেন।’ এরই প্রতিবাদে তিনি সোমবার ডাবলিনে সিটি হল কর্তৃপক্ষের কাছে তার অ্যাওয়ার্ড ফিরিয়ে দেবেন বলে জানান তিনি।
বব গেলডফ মনে করেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধনের ক্ষেত্রে কোনো ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন সুচি।
গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ চালানো শুরু করে। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে উল্লেখ করেছে।
গেলডফ বলেন, ‘আমাদের শহরের সাথে তার (সু চি'র) সম্পৃক্ততা আমার সবার জন্য লজ্জার।’ এর আগে গতমাসে অক্সফোর্ড সিটি কাউন্সিল ১৯৯৭ সালে দেয়া মিজ সু চির ফ্রিডম অফ দা সিটি অ্যাওয়ার্ড প্রত্যাহার করে নেয়।
আরেকটি আইরিশ ব্যান্ডদল ইউ টু' ও এক বিবৃতিতে অং সান সু চির তীব্র সমালোচনা করে তাকে নিরাপত্তা বাহিনীর দ্বারা সহিংসতা বন্ধ করতে শক্ত অবস্থান নেয়ার আহবান জানিয়েছে।








