ইরানের বিক্ষোভ ও সহিংসতার ওপর ঘনিষ্ঠ নজর রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার ন্যুয়ার বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান। এতে বলা হয়, ‘যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, দুর্ভাগ্যজনকভাবে ইরান সরকার তাদের গ্রেফতার করছে, হত্যা করছে। ইরানি জনগণ মর্যাদাপূর্ণ আচরণ প্রাপ্তি, দুর্নীতি বন্ধ, জবাবদিহি প্রতিষ্ঠা, অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন।’
এতে আরও বলা হয়, ‘ইরানের জনগণের ন্যায়সঙ্গত এই আকাঙ্ক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। আমরা ইরান সরকারের প্রতি তথ্য ও চিন্তার অবাধ বিনিময়ের সুযোগ দেওয়ার আহ্বান জানাই। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যারা সহিংসতা করছেন, নিষেধাজ্ঞা আরোপ করছেন, তাদের জবাবদিহির আওতায় আনার মতো কর্তৃত্ব আমাদের রয়েছে। যারা কর্তৃপক্ষের সহিংসতার শিকার হয়েছেন তাদের বলতে চাই–আপনাদের আমরা ভুলব না।’








