আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শনিবার রাতে সন্ত্রাসী হামলা চালিয়েছে চার বন্দুকধারী। দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে হামলায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। তবে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে নিহতের সংখ্যা দুই। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।
স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে এই হামলা চালানো হয়। হোটেলের রান্নাঘর দিয়ে ভবনে প্রবেশ করে তাণ্ডব চালায় বন্দুকধারীরা। গ্রেনেড বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় এক পর্যায়ে বিশেষ বাহিনীর সদস্যরা হেলিকপ্টারে করে হোটেলের ছাদে গিয়ে নামেন। তাদের অভিযানে দুই বন্দুকধারী নিহত হয়। এছাড়া সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, বন্দুকধারীদের মধ্যে আত্মঘাতী হামলাকারীও রয়েছে।
আরেকজন মুখপাত্র জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভবনের তৃতীয় ও চতুর্থ ফ্লোর থেকে গুলি বিনিময় করেছে। তারা হোটেলের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে।
সরকারি মালিকানাধীন বিলাসবহুল হোটেলটিতে প্রায়ই বিয়ে ও বড় মাপের রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।








