প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন-এর অভিশংসনের গুঞ্জন চলতে চলতেই মালদ্বীপের পার্লামেন্ট ভবন নিজেদের দখলে নিয়েছে সে দেশের সেনাবাহিনী। বিরোধীরা দাবি করছিলো, প্রেসিডেন্ট সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে দেশকে সংকটের মুখে ঠেলে দিয়েছেন। গুঞ্জন উঠেছিল, তিনি অভিশংসিত হতে যাচ্ছেন। তবে সেনাবাহিনী এবং রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকতা প্রেসিডেন্টের পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। এক পর্যায়ে বিরোধী জোট শীর্ষ আইন কর্মকর্তা এবং প্রসিকিউটরের বিরুদ্ধে অনাস্থা আনেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এর কিছুক্ষণের মধ্যে পার্লামেন্ট ভবনের নিয়ন্ত্রণ নিয়ে সিলগালা করে দেওয়া হয়। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়া নেতাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাবেক স্পিকার আব্দুল্লাহ শহীদ এবং বিরোধী নেতা মোহাম্মদ সলিহ জানিয়েছেন, দেশটি নিয়মতান্ত্রিক নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিন দিন আগে সুপ্রিম কোর্ট বিরোধী ৯ নেতার বিরুদ্ধে আনা সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে তাদেরকে মুক্তির নির্দেশ দেয়। কিন্তু সরকার তাতে মোটেও কর্ণপাত করেনি। মালদ্বীপের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে অভিশংসনের শঙ্কায় পড়েন সে দেশের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। এছাড়া সুপ্রিম কোর্টের আদেশে গত বছর বরখাস্ত হওয়া বিরোধীদের দলের ১২ সংসদ সদস্যকেও পুনর্বহাল করা হয়। ফলে ৮৫ আসন নিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় বিরোধী দল। দেশব্যাপী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে গুঞ্জন ওঠে অভিশংসিত হতে যাচ্ছেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করে গ্রেফতার করা হতে পারে বলেও গুজব ছড়ায়।
তবে রবিবার সকালে সেনাপ্রধান ও পুলিশ প্রধানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় টেলিভিষণে ভাষন দেন অ্যাটর্নি জেনারেল মোহামেদ অনিল। তিনি বলেন, ‘জানা যাচ্ছে, প্রেসিডেন্টকে অভিশংসিত অথবা তাকে ক্ষমতা থেকে উৎখাতে রুল ইস্যু করতে পারে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান এরই মধ্য এই বার্তা পেয়েছে। যদি পরিস্থিতি তা-ই হয় তাহলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আমরা অনুরোধ করবো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক রুল যেন তারা মেনে না নেয়।’ অ্যাটর্নি জেনারেল জানান, প্রেসিডেন্টকে অভিশংসনের ক্ষমতা কেবল পার্লামেন্টের রয়েছে। আর পার্লামেন্টেও তা দুই-তৃতীয়াংশ ভোটে পাস হতে হবে।’ ওই ঘোষণার আগে আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া বছরের প্রথম অধিবেশন বাতিল করা হয়।
অধিবেশন বাতিলের খবরের পরই রবিবার সকালে উপসচিবসহ নিজের পদত্যাগপত্র জমা দেন সংসদ সচিবালয়ের সচিব আহমেদ মোহাম্মদ। সাবেক রাষ্ট্রপতি মামুন আবদুল গাইয়ুমের প্রশাসনে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করা আহমেদ মোহাম্মদ মালদ্বীপের সংবাদমাধ্যমগুলোকে পদত্যাগের খবর নিশ্চিত করেন। দ্য সানকে তিনি বলেন, ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন তিনি। তবে পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার মোহাম্মদ শহীদ দাবি করেছেন, আইন অনুযায়ী কাজ করতে না পারায় পদত্যাগ করেছেন আহমেদ মোহাম্মদ।
ওই পদত্যাগের খবরের পরই দুপুরে বৈঠকে পার্লামেন্ট ভবনে বৈঠকে বসেন বিরোধী দলগুলো সর্বাত্মক জোট। বৈঠকের পর উত্তর মাচাংগলির সাংসদ মারিয়া আহমেদ দিদি সাংবাদিকদের বলেন, বিরোধী জোট সংসদের কাছে দুটি প্রস্তাব রেখেছেন। আর তা হলো, নির্ধারিত সময়েই সংসদ অধিবেশন বসুক ও আইনি ক্ষমতার বাইরে গিয়ে যারা কাজ করছেন তাদের প্রতি অনাস্থা আনা হোক। ওই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, পার্লামেন্ট ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। দাঙ্গা প্রতিরোধক সরঞ্জাম পরিহিত সেনা সদস্যরা পার্লামেন্ট ভবন ঘিরে ফেলেন।
পার্লামেন্ট ভবনে সেনা নিয়ন্ত্রণের খবরের কিছুক্ষণ আগে রাজধানী মালের বিমানবন্দরে পৌঁছানোর পর আদালতের আদেশে পুর্নবহাল হওয়া দু্ই সংসদ সদস্য আব্দুল্লাহ সিনান ও ইহাম আহমেদকে গ্রেফতার করে পুলিশ।








