আফগানিস্তানের রাজধানী কাবুলে দূতাবাসগুলোর কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিদেশি কর্মীদের এক গাড়ির কাছে এই বিস্ফোরণ ঘটানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, কাবুলের পশ্চিমাঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ কমান্ডার বিসমিল্লাহ তাবান নিশ্চিত করেছেন যে এটি আত্মঘাতী হামলা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন।
এখন পর্যন্ত কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। দুইদিন আগেই আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জঙ্গিগোষ্ঠী তালেবানকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। এরপর বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি শহরে হামলা চালায় তালেবান। এতে ছয় পুলিশ সদস্য নিহত হন।








