রোহিঙ্গা নিধনযজ্ঞে সামরিক বাহিনীর পাশে মিয়ানমারের সাংবাদিকরা

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০১৮, ১০:৫৬আপডেট : ২২ মার্চ ২০১৮, ১১:৩৩

মিয়ানমারের সামরিক জান্তার অন্ধকারতম দিনগুলোতে সাংবাদিক অং হ্লা টুন ছিলেন একজন নায়ক। ২০০৭ সালে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে বিদ্রোহের ডাক আসে। ওই আন্দোলন সেফরন বিপ্লব হিসেবে পরিচিত। সে সময় মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের জন্য প্রতিবেদন তৈরি করেন তিনি। সেনাসদস্যরা বিক্ষোভকারী এবং একজন জাপানি ফটোগ্রাফারকে গুলি করে হত্যা করার পর উদ্ভূত চরম বিশৃঙ্খলার মধ্যেই তিনি প্রতিবেদন তৈরি করে গেছেন। স্বীকৃতিস্বরূপ নিজ প্রতিষ্ঠানের বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার লাভ করেন অং হ্লা টুন। দুনিয়াজুড়ে সামরিক বাহিনীর এই নৃশংসতার খবর প্রচার হলে তৎকালীন জান্তা সরকার বিষয়টি অস্বীকার করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরকে ‘গগনচুম্বি মিথ্যাচার’ হিসেবে আখ্যায়িত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

রোহিঙ্গা নিধনযজ্ঞে সামরিক বাহিনীর পাশে মিয়ানমারের সাংবাদিকরা সেফরন বিদ্রোহের সময় সামরিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহকারী ভিক্ষুদের মধ্যে জাতীয়তাবাদী উসকানি তৈরির মাধ্যম হিসেবে সেনাবাহিনীর রোহিঙ্গা মুসলিমদের দেশটির সাধারণ শত্রু হিসেবে চিত্রিত করে। এর মধ্য দিয়ে তারা ভিক্ষুদের মন জয়ের চেষ্টা করে। সেফরন বিপ্লবের এক দশকেরও বেশি সময় পর নতুন করে আবারও দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়ে মিয়ানমারের সামরিক বাহিনী। এবারের সংকটের কেন্দ্রে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর জাতিগত জাতিগত নিধনযজ্ঞ।

পশ্চিম রাখাইনে সেনাবাহিনীর হাতে খুন, ধর্ষণের মতো বিভৎসার মুখোমুখি হন রোহিঙ্গারা। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব ঘটনাকে স্বাধীনতাকামী রোহিঙ্গা সংগঠন আরসা’র হামলার প্রতিক্রিয়ায় ‘ক্লিয়ারেন্স অপারেশন্স’ হিসেবে আখ্যায়িত করা হয়। জাতিসংঘের আশঙ্কা, প্রকৃতপক্ষে বার্মিজ সেনাবাহিনী সেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বেসরকারি সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স-এর হিসাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ শুরুর প্রথম মাসেই অন্তত ছয় হাজার ৭০০ রোহিঙ্গাকে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যাযজ্ঞ, ধর্ষণের মতো বিভৎসতার ভয়াবহতায় পূর্বপুরুষের ভিটেমাটির মায়া ত্যাগ করে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে যায় প্রায় সাত লাখ রোহিঙ্গা। এক্ষেত্রেও ১০ বছর আগের কৌশলই নেয় মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো। তারা সাংবাদিকদের ‘মিথ্যাচারের’ দায়ে অভিযুক্ত করে এবং বার্তা সংস্থা এপি’র একজন প্রতিবেদককে ‘খারাপ আত্মা’ হিসেবে আখ্যায়িত করে। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বা সরকারি প্রচারপত্রের রোষানলের বাইরে আছেন ২০০৭ সালের ঘটনায় নায়কে পরিণত হওয়া সাংবাদিক অং হ্লা টুন। এর কারণ হচ্ছে তিনি এখনই তাদেরই একজন।

রোহিঙ্গা নিধনযজ্ঞে সামরিক বাহিনীর পাশে মিয়ানমারের সাংবাদিকরা

২০১৮ সালে মিয়ানমারের উপ তথ্যমন্ত্রীর দায়িত্ব পান অং হ্লা টুন। এর মধ্য দিয়ে তিনি রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের তত্ত্বাবধানকারী মন্ত্রণালয়ের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি হিসেবে আবির্ভূত হন।

নতুন দায়িত্ব গ্রহণের স্বপক্ষে একটা যুক্তি দেখিয়েছেন অং হ্লা টুন। তার বিশ্বাস, রোহিঙ্গা সংকটে মিয়ানমারের সুনামের যে ক্ষতি হয়েছে তা থেকে তিনি উত্তরণ ঘটাতে পারবেন। এমনকি তিনি মনে করেন, স্থানীয় সব সংবাদমাধ্যমগুলোরও একই দায়িত্ব রয়েছে।

অং হ্লা টুন কলাম্বিয়া জার্নালিস্টস রিভিউ’কে বলেন, ‘মিয়ানমারের সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবের কারণে আমাদের ভাবমূর্তি খুবই খারাপ হয়ে গেছে।’

নতুন তথ্য উপমন্ত্রী অং হ্লা টুন ছিলেন নিজের ক্যারিয়ারে জান্তা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো খ্যাতনামা সংবাদকর্মীদের একজন। কিন্তু সেই একই ব্যক্তি এখন ভিন্ন দায়িত্বে এসে রোহিঙ্গাদের ব্যাপারে সেনাবাহিনীর অবস্থানের প্রতিধ্বনি করছেন।

মিয়ানমারের নেতাদের জন্য বড় ধরনের সংকটে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা এটাই প্রথম নয়। কিন্তু সম্ভবত এবারই প্রথমবারের মতো দেশটির সিনিয়র সাংবাদিকরা সরকারের পক্ষে ঝাঁপিয়ে পড়েছে। সরকারের সঙ্গে সঙ্গে তারাও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সমালোচনায় মুখর হয়েছে।

রোহিঙ্গা নিধনযজ্ঞে সামরিক বাহিনীর পাশে মিয়ানমারের সাংবাদিকরা

রোহিঙ্গাদের নিয়ে প্রতিবেদন তৈরিতে মিয়ানমার এরইমধ্যে বিপজ্জনক দেশে পরিণত হয়েছে। ২০১৭ সালের অক্টোবরে দেশটিতে দুই বিদেশি সাংবাদিককে আটক করা হয়। গ্রেফতার করা হয় তাদের চালককে।  মিয়ানমারে তারা যেখানে উঠেছিলেন পরে সেখানে অভিযান চালিয়ে তাদের কম্পিউটার ও মেমরি স্টিক জব্দ করে পুলিশ। আটককৃত দুই সাংবাদিক হচ্ছেন সিঙ্গাপুরের লাউ হন মেন এবং মালয়েশিয়ার মক চৌ লিন। তারা তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশনের (টিআরটি) সংবাদকর্মী। এর দুই মাসের মাথায় রোহিঙ্গাদের নিয়ে সংবাদ সংগ্রহের জেরে গত ১২ ডিসেম্বর মিয়ানমারে গ্রেফতার হন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের দুই সাংবাদিক কো ওয়া লোন এবং কায়াও সোয়ে ও। রাখাইনের একটি গণকবরে পুঁতে ফেলা ১০ রোহিঙ্গার হত্যাকাণ্ড নিয়ে তথ্য সংগ্রহের দায়ে দাফতরিক গোপনীয়তা আইনে তাদের গ্রেফতার করা হয়। রাষ্ট্রের নিরাপত্তা বা স্বার্থের ক্ষতি সাধনের দায়ে তাদের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

মিয়ানমারের তথ্য উপমন্ত্রী সাংবাদিক অং হ্লা টুন নিজেও একজন রাখাইন। রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞে এই রাখাইন বৌদ্ধদের লেলিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

রোহিঙ্গা নিধনযজ্ঞে সামরিক বাহিনীর পাশে মিয়ানমারের সাংবাদিকরা

২০১২ সাল পর্যন্ত রয়টার্সের হয়ে কাজ করা অং হ্লা টুন এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ওপর ব্যাপক মাত্রায় ক্ষুব্ধ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞের চিত্র উঠে আসায়, জীবন ও সম্ভ্রম বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবনের করুণ আর্তি উঠে আসায় তিনি উত্তেজিত। তার এমন পরিবর্তন বিব্রত করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে কাজ করা তার এক সময়ের সহকর্মীদের।

২০১৪-২০১৫ সালে মিয়ানমারে রয়টার্সের ব্যুরো চিফ ছিলেন পল মুনি। পরে তিনি ওই প্রতিষ্ঠান ত্যাগ করেন। খ্যাতনামা এ মার্কিন সাংবাদিক মানবাধিকার সংক্রান্ত কাজের জন্য সুবিদিত। পল মুনি কলাম্বিয়া জার্নালিজম রিভিউ-এর কাছে সাম্প্রদায়িক সহিংসতা ঢাকতে তার বার্মিজ সহকর্মীদের দৃষ্টিভঙ্গির ব্যাপারেও নিজের আপত্তির কথা জানান।

২০১৪ সালে মান্দালায়ে দাঙ্গার সময় একটি মুসলিম মালিকানাধীন চায়ের দোকানে হামলা চালায় উগ্রপন্থী বৌদ্ধরা। সে সময় অং হ্লা টুন’কে (বর্তমান তথ্য উপমন্ত্রী) বিষয়টি স্থানীয় পুলিশ কর্তৃক নিশ্চিত করতে বলেছিলেন পল মুনি। তবে অং হ্লা টুন এর বদলে রাজধানী নেপিদো’র পুলিশ কর্মকর্তাদের ফোন করার ইচ্ছা প্রকাশ করেন, যারা সেখানে কোনও সমস্যার খবর অস্বীকার করে। এরপর তিনি মান্দালয় পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তি অনুবাদে অস্বীকৃতি জানান। উল্টো তিনি এ বলে নিজেকে জাহির করেন যে, এই বিজ্ঞপ্তির বিষয়বস্তু সম্পর্কে নেপিদো’র পুলিশ সূত্র তাকে আগেই নিশ্চিত করেছে। কিন্তু প্রকৃতপক্ষে ওই বিবৃতিতে বলা হয়েছিল, পুলিশ রকেট নিক্ষেপকারী দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করে।

রোহিঙ্গা নিধনযজ্ঞে সামরিক বাহিনীর পাশে মিয়ানমারের সাংবাদিকরা

ওই ঘটনার পরদিন মান্দালয়ের একটি  মসজিদে বেশ কয়েকজন ইমামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করতে অং হ্লা টুন-এর সাহায্য চান পল মুনি। তাকে বলেন, ‘দয়া করে মান্দালয়ের পুলিশকে ফোন করুন... নেপিদো না, তারা বিষয়টি জানে না।’ এর প্রায় আধাঘণ্টা পর তিনি পল মুনিকে ফোন করে বলেন, ‘হ্যাঁ, আমি নেপিদোতে ফোন করেছি। তারা জানিয়েছে, কাউকে গ্রেফতার করা হয়নি।’ পরে পল মুনি নিজেই অং হ্লা টুনকে বাদ দিয়ে ওই মসজিদে যান এবং স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলেন। স্থানীয় পুলিশ তাকে ওই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।

পল মুনি মনে করেন তার বার্মিজ সহকর্মী নিজের মুসলিম বিদ্বেষ থেকে রয়টার্সের কাভারেজকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন।

মান্দালয়ের ওই দাঙ্গায় নাম আসে মিয়ানমারের কুখ্যাত উগ্রপন্থী বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথু’র। তবে ইমেইলে অং হ্লা টুন তার বস পল মুনিকে লিখেছেন, ‘কিছু মুসলিম আশ্বিন উইরাথুকে আর ঘৃণা করে না। তারা বিভিন্ন ধরনের জালিয়াতির মাধ্যমে তার ইমেজ ধ্বংসের চেষ্টা করছে। কেউ কেউ তাকে বিদ্বেষমূলক ও হুমকি দিয়ে বার্তা পাঠাচ্ছে। কোনও জোরালো প্রমাণ ছাড়া আমি তার পক্ষে দাঁড়াবো না বা তার ভাবমূর্তি নষ্ট করবো না। আমি ঘৃণা ছড়ানো পছন্দ করি না।’

মিয়ানমারের মংডু`তে পুড়িয়ে দেওয়া একটি রোহিঙ্গা গ্রাম। ছবি: রয়টার্স।

কয়েক দশক ধরে মিয়ানমারের জান্তা সরকারের কট্টর সমালোচক সংবাদমাধ্যম দ্য ইরাবতী। এটিও এখন রোহিঙ্গা ইস্যুতে সরকারের পক্ষ নিয়েছে; যা তাদের দীর্ঘদিনের সুনাম নষ্ট করছে। একই চিত্র মিয়ানমারের অন্য সংবাদমাধ্যমগুলোরও। অতীতে সামরিক শাসনের বিরুদ্ধে অনেকে সোচ্চার হলেও রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞের ঘটনায় নিশ্চুপ বার্মিজ সংবাদমাধ্যমগুলো। এমনকি দ্য ইরাবতী’র মতো পত্রিকাও রোহিঙ্গাদের হাজার বছরের নৃতাত্ত্বিক পরিচয় মানতে নারাজ। সংবাদমাধ্যমটির সিনিয়র সম্পাদকরা এ জনগোষ্ঠীর মানুষকে ‘স্বঘোষিত রোহিঙ্গা’ হিসেবে উল্লেখ করার সিদ্ধান্ত নেন। এভাবে একটি জনগোষ্ঠীর আত্মপরিচয়ের ওপর আঘাতের প্রতিবাদে ২০১৭ সালের শেষদিকে সংবাদমাধ্যমটির তিন বিদেশি সাংবাদিক পদত্যাগ করেন।

রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞের খবর সংগ্রহ করতে গিয়ে গ্রেফতার হওয়া রয়টার্সের দুই সাংবাদিককে নিয়ে এখনও উদ্বেগ কাটছে না। আন্তর্জাতিক পর্যায়ে তাদের মুক্তির দাবি উঠছে। তবে মিয়ানমারের তথ্য উপমন্ত্রীর পুরনো কর্মস্থলের এই দুই সাংবাদিকের প্রতি কোনও সহমর্মিতা নেই অং হ্লা টুনের। খ্যাতনামা মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন তাদের কারামুক্তির দাবি জানালে এর সমালোচনা করেন অং হ্লা টুন। উল্টো তিনি বিল রিচার্ডসনকে আদালতের অবমাননার দায়ে অভিযুক্ত করেন। কর্তৃপক্ষকে চাপ না দিতে অন্যদের প্রতি আহ্বান জানান।

রোহিঙ্গা নিধনযজ্ঞে সামরিক বাহিনীর পাশে মিয়ানমারের সাংবাদিকরা

অং হ্লা টুনের আক্রমণের মুখে পড়েছেন পুলিৎজার পুরস্কার জয়ী এপি’র খ্যাতনামা প্রতিবেদক ইসথার হুসেইনও। মিয়ানমারে হত্যার হুমকি পাওয়া এই নারী সাংবাদিক পরে বার্মা ত্যাগ করে থাইল্যান্ডে পাড়ি জমান।

বৌদ্ধ জাতীয়তাবাদের হয়ে লড়াই এবং মুসলিম বিদ্বেষের দীর্ঘ ইতিহাস সত্ত্বেও নিজেকে সহনশীল মানুষ হিসেবে দাবি করেন মিয়ানমারের তথ্য উপমন্ত্রী অং হ্লা টুন। সাংবাদিক ইসথার হুসেইনকে নিয়ে দ্য ইরাবতীতে তার আক্রমণাত্মক বক্তব্যের জবাবে ক্ষুব্ধ হয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তার সাবেক বস পল মুনি। ওই পোস্টের পর পল মুনিকে ইনবক্স করেন অং হ্লা টুন। এতে তিনি লিখেছেন, ‘আমি বর্ণবাদী নই, যদিও আপনি আমাকে সেভাবে উপস্থাপন করতে চাইছেন। আমি সবসময়ই বলেছি যে, আমার অনেক মুসলমান বন্ধু আছে।’

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম