ভারতের বিহার রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবের ছেলে অরিজিৎ শাশ্বত। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার মধ্যরাতে তাকে বিহারের রাজধানী পাটনা থেকে গ্রেফতার করা হয়েছে। এখন তিনি নিরাপত্তা হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন তারা। অনুমতিবিহীন সশস্ত্র মিছিলের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে গতকালই (শনিবার) খবর দিয়েছিল টাইমস অব ইন্ডিয়া। আজ তাকে আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাম নবমী উপলক্ষে রাম নবমী পালনের নামে ১৭ মার্চ ভাগলপুর শহরে একটি মিছিলের অনুমতি নেওয়া হলেও মুসলিম অধ্যুষিত স্থানগুলোতে ওই মিছিল থেকে সাম্প্রদায়িক উসকানি ছড়ানো হচ্ছিলো। ‘ভারতীয় নববর্ষ জাগরণ সমিতি' নামে এক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত ওই মোটরবাইক মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবের ছেলে অরিজিৎ শাশ্বত। ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিহারের এক টিভি চ্যানেলের প্রবীণ সাংবাদিক কুন্দন সিং বলেছেন, ‘‘মন্ত্রীর ছেলের উসকানিমূলক ভাষণের পর থেকেই হিংসা শুরু হয়েছিল।”
গ্রেফতার এড়াতে আদালতে একটি পিটিশন দায়ের করেছিলেন অরিজিৎ শাশ্বত। তবে শনিবার ওই পিটিশন খারিজ করে দেন ভাগলপুরের এক আদালত। গ্রেফতারের পর মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে ৩০০ মিটার দূরবর্তী এলাকায় নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে শাশ্বতকে। বিহারের অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ দুবে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তার (শাশ্বত) সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর শেষে আমরা তার খোঁজে অভিযান শুরু করি। ভাগলপুর পুলিশও এ সময় আমাদের সঙ্গে ছিল। হনুমান মন্দিরের বাইরের পুলিশ স্টেশনের কাছাকাছি এক অঞ্চল থেকে আমরা তাকে গ্রেফতার করি।’ বিহারে গ্রেফতারের পর তাকে ভাগলপুরের নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। আজ তাকে আদালতে হাজির করা হবে।
শাশ্বতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল ১৭ মার্চের সহিংসতার পরেই। তবে শুক্রবার পর্যন্ত গ্রেফতার এড়িয়ে থাকতে সমর্থ হন তিনি। লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস অভিযোগ করে আসছিল, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে জড়িত থাকায় তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না মুখ্যমন্ত্রী। রাষ্ট্রীয় জনতা দলের পক্ষে তেজস্বী যাদব সাম্প্রদায়িক উসকানির অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিৎ শাশ্বত চৌবেকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন। কংগ্রেস বলছিল, বর্তমান সরকারের ছায়াতলে বিহারে বিজেপির আধিপত্য বাড়ছে। তাদের দাবি, মুখ্যমন্ত্রী তাদের কাছে যেন অসহায়। আর মায়াবতীর অভিযোগ ছিল, ‘‘রাম নবমী পালনে মিছিল ঘিরে যারা হিংসা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়ায় পরিবর্তে পশ্চিমবঙ্গ সরকারকে টার্গেট করা হচ্ছে৷ অথচ বিহারে একই ধরনের ঘটনায় সরকার এক কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে।’
গ্রেফতারি পরোয়ানা জারির দুই সপ্তাহ পর শাশ্বত গ্রেফতার হলেন। টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা গেছে, শাশ্বতের বিরুদ্ধে অনুমতি ছাড়া অস্ত্রসহ মিছিল ও সভা করার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার সমস্তিপুরে দীনেশ ঝা ও মোহন পাটবাসহ মোট ১০ জন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়৷








