তুরস্কের তিনজন নাগরিককে আফ্রিকার দেশ গ্যাবন ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার ফেতুল্লাহ গুলেনের সমর্থক হিসেবে আখ্যায়িত করে ওই তিনজনের তুরস্কে ফেরার খবর দিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। নিজের দল একে পার্টির সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে গুলেন সমর্থকদের তুরস্কে ধরে নিয়ে যাওয়ার সর্বোত চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রয়টার্স লিখেছে, আটক তিনজনকে মার্চের ২৩ তারিখে গ্যাবনে আটক করা হয়েছিল। সেখানে তাদের বিরুদ্ধে সন্ত্রাসি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।
গ্যাবনের পক্ষ থেকে তুরস্কের হাতে সন্দেহভাজনদের তুলে দেওয়ার বিষয়ে এরদোয়ানের ভাষ্য, ‘গ্যাবন তিনজন গুরুত্বপূর্ণ গুলেন সমর্থককে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। তারা যেখানেই পালাক না কেন আর যতদিনই বা পালিয়ে থাকুক না কেন আমরা তাদের ছাড়ব না। ছয়জন গুলেন সমর্থককে আমরা কসোভো থেকে ফেরত পেয়েছি। আর তিনজনকে পেলাম গ্যাবন থেকে। দেখা যাক পরের বার কোথা থেকে ধরা পড়ে।’
আটক হওয়া তিনজন গুলেন সমর্থক হচ্ছেন ওসমান অসপিনার, ইব্রাহিম একবাস এবং আদনান ডেমিরোনাল। আনাদুলু এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে, গুলেন নেটওয়ার্কের অধীনে পরিচালিত বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনায় তারা তিনজন জড়িত ছিলেন। তুরস্কের সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, তারা বাইলক নামের এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করতেন। গুলেন সমর্থকরা ওই অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করেন।
গত মাসে কসোভোতে গুলেন নেটওয়ার্কের বিদ্যালয় পরিচালনার সঙ্গে যুক্ত ৬ জন তুর্কি নাগরিককে তুরস্কের হাতে তুলে দেওয়া হয়েছিল। যদিও ওই ঘটনার প্রতিক্রিয়ায় কসোভোর প্রধানমন্ত্রী দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছিলেন।
তুরস্কের উপপ্রধানমন্ত্রী বেকির বোজদাগ গত সপ্তাহে বলেছিলেন, গুলেন নেটওয়ার্কের সঙ্গে জড়িত ৮০ জনকে বিশ্বের ৮০ টি ভিন্ন ভিন্ন দেশ থেকে তুরস্কে ফেরত নিয়ে যাওয়া হয়েছে। তুরস্ক দাবি করে, ২০১৬ সালে হওয়া ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে ফেতুল্লাহ গুলেনের সমর্থকরা জড়িত। তুরস্ক গুলেন সমর্থকদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে থাকে।








