সংসদের ২২২ আসনে প্রতিনিধি নির্বাচনে বুধবার সকালে ভোট দেওয়া শুরু করেছে মালয়েশিয়ার ভোটাররা। এই নির্বাচনে প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রায় দেড় কোটি ভোটার স্থানীয় সময় সকাল আটটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সকাল নয়টায় নিজের আসনে ভোট দিয়েছেন নাজিব। প্রাক নির্বাচনি জরিপে তার জোটের বেশি আসন পাবে বলে আভাস পাওয়া গেলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে আশঙ্কা রয়েছে। বুধবার মধ্যরাতের আগেই ফলাফল ঘোষণা করার আশা করা হলেও বৃহস্পতিবার ভোর পর্যন্ত তা চলতে পারে।
রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগ ওঠার পর ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে নাজিবের পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। গত বছরই নাজিব রাজাক নির্বাচনের ডাক দেবেন বলে আশা করা হয়েছিলো। তবে তা এড়িয়ে গেছেন নাজিব। নির্বাচনের আগে কাগজপত্র জমা দিতে না পারার অভিযোগে সাময়িক নিষিদ্ধ হয়েছিলো মাহাথিরের দল। পরে অবশ্য তা তুলে নেওয়া হয়।
স্বাধীন জরিপকারী প্রতিষ্ঠান মার্দেকার প্রাক নির্বাচনি জরিপে দেখা গেছে নাজিবের নেতৃত্বাধীন বারিসান ন্যাসিওনাল (বিএন) জোট একশো আসনে জয় পেতে পারে। আর মাহাথিরের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান বা আশার জোট পেতে পারে ৮০ টি আসন।
মার্দেকার জরিপ বলছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১২ আসন কোনও জোটই পাবে না। তবে এই জরিপ বলছে, ৩৭ টি আসনে কারা জিতবে তা নিয়ে সংশয় রয়েছে।
ভোটগ্রহণ শুরুর পর পেকান আসনে নিজের ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দেশটির সংবাদমাধ্যম স্টার অনলাইন জানিয়েছে, শোকলাহ সেইন সুলতান আহমদ শাহ ভোটকেন্দ্রে সকাল নয়টা ২০ মিনিটে নিজের স্ত্রী রোশমাহ মানসুরকে নিয়ে উপস্থিত হন তিনি। সে সময় ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি।
৫৭ বছরের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হাসরি সামিওন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মালয়েশিয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দিন । কেননা এদিন আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবো। আমার মনে হয় মানুষ দীর্ঘদিন ধরে আত্মতুষ্টিতে ভুগেছে। আমাদের এমন একজনকে দরকার যিনি এই দেশকে নেতৃত্ব দিতে পারেন। মালয়েশিয়ার নেতৃতত্বের জন্য একজন স্বপ্নদ্রষ্টা প্রয়োজন।








