মালয়েশিয়ায় নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক। বৃহস্পতিবার সকালে এক ভাষণে তিনি বলেন, নির্বাচনে কোনও কারচুপি হয়নি এবং তিনি জনতার রায় মেনে নিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
নির্বাচনে কোনও একক দল জয়লাভ করেনি উল্লেখ করে নাজিব বলেন, মালয়েশীয় রাজার সিদ্ধান্ত যে তিনি কাকে প্রধানমন্ত্রী করবেন। তিনি বলেন, দেশে যদি কোনও পরিবর্তন আসে তবে তিনি অবশ্যই মেনে নেবেন।
বিশ্বের সবেচেয়ে বয়স্ক নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিতে যাচ্ছেন মাহাথির মোহাম্মদ। এই জয়ের মধ্য দিয়ে ১৫ বছর আগে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়া মাহাথিরের রাজকীয় প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে। নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জোটকে হারিয়ে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসছেন সবচেয়ে বেশি সময় দেশটিতে ক্ষমতায় থাকা মাহাথির।
মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান বিজয়ী হয়েছে। ২২২টি আসনের মধ্যে ১১৫টি আসনে তাদের প্রার্থীর জয়ী হওয়ার তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সরকার গঠনের জন্য ১১২টি আসনে জয় পাওয়ার দরকার ছিল তাদের।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, সাধারণত রাত ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা থাকলেও রাত তিনটার আগ পর্যন্ত কিছু জানা যায়নি। অভিযোগ ওঠে, ক্ষমতা কাজে লাগিয়ে নাজিব হয়তো ফল বিলম্বিত করতে চেয়েছেন। একই সঙ্গে দোদুল্যমান আসনগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করারও অভিযোগ ওঠেছে।
তবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ১১২টির বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে পাকাতান হারপান। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, বৃহস্পতিবার (১০ মে) সকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন পাকাতান হারাপান জোটের চেয়ারম্যান মাহাথির। একই সঙ্গে আজ থেকেই সরকারের দায়িত্ব নেবে জোটটি।








