ভারতে বজ্রাঘাতে অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এর সঙ্গে যুক্ত হওয়া ঝড় ও ভারী বৃষ্টিপাত মানুষের স্বাভাবিক জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
ঝড় ও বজ্রপাতের ধকল সবচেয়ে বেশি গেছে বিহার রাজ্যের ওপর দিয়ে। সেখানে মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। এছাড়া, উত্তর প্রদেশে ১৫ জন এবং ঝাড়খণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। অনেকেরই নিজ বাড়িতে মৃত্যু হয়। ব্যাপক ঝড়ে বিধ্বস্ত হওয়া বাড়িঘরে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
এর আগে গত ৪ মে দেশটিতে বজ্রপাতে শতাধিক মানুষের মৃত্যু হয়।
ভারতে বর্ষাকালে বজ্রপাত একটি সাধারণ ঘটনা। তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে তাপমাত্রার অসহনীয় বৃদ্ধির কারণে আরও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র তথ্য অনুযায়ী, ২০০৫ সালের পর থেকে দেশটিতে প্রতি বছর বজ্রপাতে অন্তত দুই হাজার জন মানুষের মৃত্যু হয়।








