আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। সোমবার কাবুলের একটা বড় তাবু থেকে মুসলিম আলেমরা বের হওয়ার সময় এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই তাবুতে সন্ত্রাস বিরোধী বক্তব্য ও নিন্দা জানানোর জন্য একত্রিত হয়েছিলেন মুসলিম নেতারা। কাবুলের ওই স্থানের পাশেই আবাসিক এলাকা। হামলার পর হতাহতদের স্বজনরা ছুটে আসেন সেখানেই।
এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। চলতি বছরের ২০ অক্টোবরে জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সহিংসতা বেড়েই চলেছে।
রবিবার সারাদেশ থেকে ২ হাজারেরও বেশি আলেম এক হয়েছিলেন। ধর্মের নামে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছিলেন তারা। এ বিষয়ে ফতোয়া দেওয়ারও সম্ভাবনা ছিল।
এক নিরাপত্তা কমর্কতা বলেন, ‘বিস্ফোরণের পর সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
২০০১ সালে মার্কিন আগ্রাসনে ক্ষমতা হারানোর পর আবারও আফগানিস্তানে ক্ষমতার কেন্দ্রে আসতে চায় তালেবান। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে তারা। বুধবার রাইফেল ও গ্রেনেড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দফতরে হামলা চালিয়েছিলো তারা। এর আগে এপ্রিলে কাবুলে জোড়া বোমা হামলায় ৯ সাংবাদিকসহ ২৬ জন নিহত হয়েছিলেন।








