ফ্রান্সের রাজধানী প্যারিসে মঙ্গলবার একটি আইটি প্রতিষ্ঠানের অফিসে তিন ব্যক্তিকে জিম্মি করেছে এক সন্দেহভাজন বন্দুকধারী। জিম্মিদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন। সন্দেহভাজনের কাছে বোমা থাকারও খবর পাওয়া গেছে। এরইমধ্যে ঘটনাস্থল সংলগ্ন এলাকা ঘিরে ফেলেছে পুলিশ সদস্যরা। স্থানীয় স্কুলগুলো থেকেও শিশুদের বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের মুখপাত্র ইভেস লেফেভ্রি এ জিম্মি ঘটনার কথা নিশ্চিত করেছেন। ঘটনাস্থল সংলগ্ন সড়ক এড়িয়ে চলার জন্য লোকজনকে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তবে এ ঘটনা সন্ত্রাসী হামলা হিসেবে প্রতীয়মান হচ্ছে না।
জিম্মিকারী ব্যক্তি পুলিশকে জানিয়েছে যে, সে ফ্রান্সে অবস্থিত ইরানি দূতাবাসের সঙ্গে কথা বলতে চায়। সন্দেহভাজনের কাছে বন্দুক ও বোমা থাকার খবর পাওয়া গেলেও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। সূত্র: টেলিগ্রাফ।








