ভয়াবহ বন্যা আর তীব্র তাপদাহের পর জাপানে এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। চ্যানেল নিউজ এশিয়া খবর দিয়েছে, সে দেশের উপকুলের দিকে ধেয়ে আসছে 'জংদারি' নামের শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার হতে পারে বলে আশঙ্কা করছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। সম্প্রতি ভয়াবহ বন্যা এবং পরবর্তীতে কয়েকদিনের দাবদাহে বহু জাপানীর প্রাণহানি ঘটেছে। সেই ধারাবাহিকতায় এবার শক্তিশালী ঘূর্ণিঝড় এগিয়ে আসছে দেশটিতে।
জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, 'জংদারি' টাইফুনটি শনিবার রাতে অথবা রবিবার প্রথম প্রহরে উপকুলে আঘাত হানতে পারে। সবশেষ খবর অনুযায়ী এটি টোকিওর ৪০০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। সংস্থাটি জানিয়েছে, এই শক্তিশালী ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ এবং ভূমিধসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হতে পারে। একইসাথে তীব্র গতিবেগের বাতাস জানমালের ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। জানা গেছে, ঝড়টি মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে দেড়শ ফ্লাইট বাতিল করা হয়েছে।
সম্প্রতি ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জাপান। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় জাপানে প্রবল বন্যা ও ভূমিধ্বসের ঘটনা ঘটে। অতি বৃষ্টিতে নদীর পানি বেড়ে যায় এবং বন্যা দেখা দেয়। আক্রান্ত এলাকাগুলোতে সব ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাণহানি হয় প্রায় ২০০ মানুষের। এরপর আসে ভয়াবহ তাপদাহ। চলতি মাসের গোড়ার দিকে শুরু হওয়া এ তাপদাহে এরইমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে ক২২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়।








