পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া রাজ্যে শনিবার সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ জন। রাজ্যের কোহাত জেলায় একটি বাসের সঙ্গে একটি তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
৫০ জন যাত্রী নিয়ে বানির জেলা থেকে বন্দরনগরী করাচীর উদ্দেশে যাত্রা করেছিল বাসটি। পথিমধ্যে এটি দুর্ঘটনার শিকার হয়। এতে নিহতদের মধ্যে দুই নারী এবং দুই শিশুও রয়েছে।
দুর্বল অবকাঠামোর কারণে মাঝেমধ্যেই এমন দুর্ঘটনার খবরের শিরোনাম হয় পাকিস্তান।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, পাকিস্তানের পুলিশের কাছে প্রতি বছর নয় হাজারের বেশি সড়ক দুর্ঘটনার রিপোর্ট আসে। আর দুর্ঘটনায় বছরে গড়ে পাঁচ হাজারের মতো মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। সূত্র: জিও নিউজ।








