সুইজারল্যান্ডের আল্পস পবর্তমালায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির ২০ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকাল ৫টার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ৪৫০ মিটার উঁচু।
এর মাত্র ঘণ্টাখানেক আগেই নিদওয়ালদেন প্রদেশের রেংগ পর্বতে আরও একটি বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় নিহত হন একই পরিবারের চার সদস্য। সম্পর্কের দিক থেকে নিহতরা হচ্ছেন বাবা-মা ও তাদের দুই সন্তান।
আল্পসে দুর্ঘটনার শিকার জেইউ ৫২ প্লেনটি স্থানীয় বিমান সংস্থা জেইউ-এআইআর এয়ারলাইন্সের। টুইটারে দেওয়া পোস্টে দুর্ঘটনার প্রতিষ্ঠানটি বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করেছে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের জেইউ ৫২ বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।’
উদ্ধার তৎপরতার অংশ হিসেবে দুর্ঘটনাস্থলে পাঁচটি হেলিকপ্টার ও সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে পুলিশ। উভয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স।








