আফগানিস্তানের এক আত্মঘাতী বোমা হামলায় তিন ন্যাটো সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন এক মার্কিন সেনাসহ আরও দুই আফগান সেনা। রবিবার সকালে পূর্বাঞ্চলীয় পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে এ হামলা ও হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রবিবার আফগান বাহিনীর সঙ্গে ন্যাটো সেনাদের নিয়মিত টহলের সময় এই হামলা চালানো হয়। সূর্যোদয়ের পরপরই চালানো এই হমালায় নিহত ন্যাটো সেনাদের সবাই চেক প্রজাতন্ত্রের বলে জানা গেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি বাগরাম এয়ারফিল্ডের ১০ কিলোমিটারের মধ্যে ন্যাটো সেনাদের ওই টহল চলছিল। পশ্চিমা সামরিক জোটটির সদস্যদের ওপর চালানো এ হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান।
হতাহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন ন্যাটো মিশনের কমান্ডার ও মার্কিন সেনাবাহিনীর জেনারেল জন নিকোলসন। তিনি বলেন, নিহতদের আত্মত্যাগ একইসঙ্গে ইতিহাসে ও হৃদয়ে ঠাঁই করে নেবে।








