উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বৈঠক আয়োজনে পিয়ংইয়ংয়ে বিশেষ দূত পাঠানো হবে বলে জানিয়েছে সিউল। আগামী ৫ সেপ্টেম্বর পিয়ংইয়ং গিয়ে আন্তঃকোরীয় সম্মেলনের দিনক্ষণ ঠিক করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
চলতি বছরের এপ্রিলে উত্তর কোরীয় নেতা কিম জং উন ও দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইন পানমুনজামে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকেই পরবর্তী একটি বৈঠকে মিলিত হওয়ার ব্যাপারে সম্মত হন দুই নেতা। সিদ্ধান্ত হয়, আসন্ন শরতে বৈঠকটি অনুষ্ঠিত হবে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে। রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি অঞ্চল পানমুনজামে দুই দেশের কর্মকর্তা পর্যায়ের সোমবারের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
এপ্রিলের সম্মেলনের পর হঠাৎ করেই মে মাসে দুই দেশের সীমান্তে আবারও মিলিত হন কিম এবং মুন। ওই বারই দুই কোরিয়ার কোনও নেতাদের মধ্যে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ হয়। মুন যদি পিয়ংইয়ংয়ে যান তাহলে সেটিই হবে উত্তর কোরিয়ার রাজধানীতে এই বছর প্রথম কোনও দক্ষিণ কোরীয় নেতার।
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের বাসভবনের মুখপাত্র বলেন, বিশেষ দূত উত্তর কোরিয়া গিয়ে শান্তি প্রতিষ্ঠা, দু্ই কোরিয়া সম্পর্কোন্নয়ন ও কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করবেন।
পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে দীর্ঘদিন থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে উত্তর কোরিয়া। এই বছরের জুনে সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে কিম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোরীয় উপত্যকায় পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে সম্মত হন।








