আফগান জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি মারা গেছেন। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সংগঠনটির শরিক গোষ্ঠী আফগান তালেবানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়। জানানো হয়, কয়েক বছর ধরে অসুস্থতায় ভোগার পর জালালুদ্দিন হাক্কানির মৃত্যু হয়েছে। তবে কবে এবং কোথায় তার জীবনাবসান হয় তা জানা যায়নি।
হাক্কানির মৃত্যু নিয়ে বেশ কয়েক বছর ধরেই গুজব প্রচলিত রয়েছে৷ ২০১৪ সালেও একবার দাবি করা হয়েছিল, জালালুদ্দিন মারা গেছেন। সে সময়ও কারণ হিসেবে তার অসুস্থতাকেই দেখানো হয়েছিল৷ তবে পরে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কথা গুজব বলে উড়িয়ে দেওয়া হয়৷ মঙ্গলবার সকালে সেই হাক্কানির মারা যাওয়ার খবর ফের একবার প্রকাশ্যে এলো৷ এবার তার মৃত্যু সংবাদ জানিয়েছে, তারই মিত্র গোষ্ঠী তালেবান। জানানো হয়, দীর্ঘ রোগভোগের পর তার মৃত্যু হয়েছে।
তালেবানের বিবৃতিতে বলা হয়: ‘তারুণ্যে আল্লাহর ধর্ম রক্ষার জন্য তিনি মহা সংগ্রাম চালিয়ে গেছেন। আর জীবনের শেষের বছরগুলোতে দীর্ঘকালীন রোগে ভুগেছেন।’
১৯৭০ সালে আফগানিস্তানে হাক্কানি নেটওয়ার্ক গড়ে তোলেন জালালুদ্দিন হাক্কানি৷ ২০১২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিকেবদনে বলা হয়, জালালুদ্দিন হাক্কানির সঙ্গে জঙ্গি গোষ্ঠী তালেবান আল-কায়েদার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সাম্প্রতিক বছরগুলোতে আফগান ও ন্যাটো বাহিনীর ওপর হওয়া অনেকগুলো হামলার পেছনে হাক্কানি নেটওয়ার্কের সংশ্লিষ্টতা রয়েছে।
১৯৮০ সালে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সহায়তায় আফগানিস্তানে সোভিয়েত্ শাসন উৎখাতের পেছনে বড় হাত ছিল জালালুদ্দিনের। মার্কিন কংগ্রেসের সদস্য চার্লি উইলসন তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে তার প্রশংসাও করেছিলেন। আফগানিস্তানে তালেবানদের শাসনকালে মন্ত্রীও হয়েছিলেন জালালুদ্দিন হাক্কানি। সূত্র: বিবিসি, ডেইলি হান্ট








