২০০৭ সালে ভারতের হায়দারাবাদে বিস্ফোরণের ঘটনায় ইন্ডিয়ান মুজাহিদীনের দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ভারতের আদালত। আরও এক অভিযুক্তকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। সোমবার (১০ সেপ্টেম্বর) জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালতে এ রায় ঘোষণা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।
২০০৭ সালের ২৫ আগস্ট হায়দারাবাদের একটি মুক্ত মঞ্চ ও একটি জনপ্রিয় খাবারের দোকানে দুটি শক্তিশালী বিস্ফোরণ হয়। তাতে প্রাণ হারায় ৪৪ জন। আহত হয় ৬৮ জন। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর অনিক সাইদ ও আকবর ইসমাইল চৌধুরী নামে দুই ইন্ডিয়ান মুজাহিদ সদস্যকে দোষী সাব্যস্ত করে আদালত। ৩৬ বছর বয়সী অনিক সাইদ পুনের বাসিন্দা। পুরনো কম্পিউটারের দোকানের মালিক সে। আর ৩৫ বছর বয়সী আকবর ইসমাইল পুনেতে মোবাইল মেরামতের কাজ করতো। সোমবার এনআইএ’র বিশেষ আদালত অনিক ও ইসমাইলকে মৃত্যুদণ্ড দেয়। এ ঘটনায় তারিক আনজুম নামে আরেক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অনিক ও ইসমাইলকে আশ্রয় দেওয়ার দায়ে সোমবার সকালে তাকে দোষী সাব্যস্ত করা হয়। অনিক সাইদের আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানানো হবে।
উপযুক্ত প্রমাণ না থাকায় খালাস পেয়েছেন ফারুক শরফুদ্দিন তারকাশ ও মোহাম্মদ সাদিক ইসরার শাইক নামের দুই অভিযুক্ত। মহারাষ্ট্রের অন্য মামলায় তাদের বিরুদ্ধে বিচার চলমান থাকায় আপাতত জেলেই থাকতে হবে তাদের।
হায়দারাবাদ বিস্ফোরণের ঘটনায় অপর তিন অভিযুক্ত-রিয়াজ ভাটকাল, ইকবাল ভাটকাল ও আমির রেজা খানকে এখনও গ্রেফতার করা যায়নি।








