হিন্দুদের পবিত্র স্থান সবরিমালা মন্দিরে সব বয়সী নারীরা প্রবেশ করতে পারবে বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কেরালার এই প্রাচীন মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত নারীরা প্রবেশ করতে পারতেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শুক্রবার সুপ্রিম কোর্ট নারীদের প্রবেশাধিকারের এই বয়সসীমা তুলে নেয়। মূলত ঋতু চলাকালীন নারীদের মন্দিরে প্রবেশের অনুমতি ছিলো না। হিন্দু ধর্মানুযায়ী এই সময়ে নারীদেরকে অপরিচ্ছন্ন বিবেচনা করা হয়।
দেশটির প্রধান বিচারপতি দীপক মিশ্র সহ পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। তবে বিচারপতি ইন্দু মালহোত্রা ভিন্ন মত পোষণ করেছেন। রায় দিয়ে প্রধান বিচারপতি জানান, ভক্তি কখনও বৈষম্যের উপর ভিত্তি করে গঠিত হতে পারে না । উপাসনার অধিকার সাংবিধানিক। ধার্মিক নিয়ম নারীকে সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারে না
আগামী মঙ্গলবার অবসরে যাওয়ার অপেক্ষায় থাকা বিচারপতি দীপক মিশ্র জানান, 'পুরুষদের থেকে কোনও অংশে কম নন মহিলারা। একদিকে নারীদের দেবী হিসাবে পূজা করা হয়, আর অন্যদিকে তাদের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কোনও মতেই জৈবিক বা শারীরিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না।'
এই নিয়ে ভারতে তিনটি ধর্মীয় উপাসনালয় আদালতের রায়ের মাধ্যমে নারীদের জন্য উন্মুক্ত করা হলো। এর আগে হিন্দুদের শানি সিঙ্গাপুর মন্দির ও মুসলিমদের মাজার হাজি আলিতে নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিলো। আদালতের রায়ের মাধ্যমে নারীদের প্রবেশের অনুমতি মেলে সেখানে।








