ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের রাস্তার পাশে থাকা বিলবোর্ড ভেঙে চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার বিকালে বিলবোর্ডটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষমান গাড়ির ওপর ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে পুলিশ। এরইমধ্যে তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকাজ শুরু করেছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
৪০ ফুট উচ্চতার বিলবোর্ডটি ভেঙ্গে পড়ার সময় ট্রাফিক সিগন্যালের কারণে সেখানে বেশ কয়েকটি গাড়ি অপেক্ষমান অবস্থায় ছিল। পুনে শহরের জুন্না বাজার এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন শামরাও গাগান্ধর কাসর (৭০), শায়াম রাজারাম ধোত্রে (৪৫), জাভেদ মিছবাউদ্দিন খাঁন (৪৯) ২এবং শিবাজি দেভদাস পরদেশি (৪০)।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ১০টি যানবাহন ছিল। এরমধ্যে ছয়টি অটোরিক্সা, একটি প্রাইভেট কার এবং তিনটি টু-হুইলার ছিল। দুর্ঘটনায় দুইটি অটোরিক্সায় থাকা চার ব্যক্তির মৃত্যু হয়।
বিকাল বেলা বলে দুর্ঘটনায় হতাহতের পরিমাণ কম ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, দিনের অন্য সময়ে ওই সড়কে আরও অনেক বেশি গাড়ি থাকে। ফলে তখন দুর্ঘটনা ঘটলে প্রাণহানি আরও বেশি হতো। সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।








