ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ভারতীয় ক্যাপ্টেন ভাবে সুনেজা ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে ভারত। ইন্দোনেশিয়ায় নিযুক্ত দেশটির দূতাবাস জানায়, যে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে, তার চালকের আসনে ছিলেন একজন ভারতীয় নাগরিক।
সোমবার ইন্দোনেশিয়ায় ১৮৯ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়। লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি জাকার্তা বিমানবন্দর থেকে দেশটির দ্বীপ শহর পাঙকাল পিনাঙয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় সাগর পাড়ি দেওয়ার সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ভাবে সুনেজা (৩১) নামে বিমানের ওই পাইলট আদতে দিল্লির ছেলে। সাত বছর আগে তিনি ইন্দোনেশিয়ার লায়ন এয়ারে যোগ দেন, তখন থেকে থাকতেন জাকার্তাতেই।
লায়ন এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছিলেন সুনেজা। তার কো-পাইলট ছিলেন হারভিনো, সঙ্গে ছিলেন ছ'জন ক্রু বা বিমানকর্মী।
সুনেজার ৬ হাজার ঘণ্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। হারভিনোও ৫ হাজার ঘণ্টারও বেশি বিমান চালিয়েছেন। ফলে দুজনের ১১ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিলো
এর আগে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী এয়ার এশিয়ার একটি উড়োজাহাজ জাভা সাগরে বিধ্বস্ত হয়।








