ইউক্রেনের ১২ জন নাবিককে ২ মাসের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। মঙ্গলবার রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়ার সিমফারোপল আদালত এই রায় দেয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় ২৪ জন নাবিককে আটক করেছিলো রুশ বাহিনী। তাদেরই ১২ জনের রায় দেওয়া হয়েছে। বাকি ১২ জনের রায় দেওয়া হবে বুধবার।
রবিবার রাশিয়া ইউক্রেনের বারডিযানস্ক এবং নিকোপল যুদ্ধজাহাজ এবং দি ইয়ানা কাপা জাহাজ জব্দ করেছে। ইউক্রেনের দাবি, রাশিয়া জাহাজের পথ আটকাতে চেষ্টা করে, যদিও এরপর নৌযানগুলো কের্চ স্ট্রেইটের উদ্দেশ্যে চলছিল কিন্তু ট্যাংকার দ্বারা বাধাপ্রাপ্ত হয়। এছাড়া রুশ বাহিনীর গুলিতে জাহাজে থাকা ৬ সেনা আহত হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন। আর রাশিয়ার অভিযোগ, নৌযানগুলা অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল এবং নিরাপত্তার কারণে ওই পথে চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। এ ঘটনার পর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের পাশাপাশি ইউরোপেরও উত্তেজনা তৈরি হয়েছে। আর রাশিয়ার এমন আচরণের পর দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে ইউক্রেন। ২৮ নভেম্বর থেকে ৩০ দিনের জন্য সামরিক শাসনও জারি করা হয়েছে দেশটিতে।
এদিকে রাশিয়া ফেডারেল সিকিউরিটি সার্ভিস রবিবারের জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ বলেছেন, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে।








