ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, অর্থ পাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারজনিত মামলায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ওই মামলায় অভিযুক্ত ১৭২ ব্যক্তির সবার ওপর ওই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে সেদেশের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েচেন আসিফ আলি জারদারি। রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে আদালত ও সর্বত্র লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।
সরকারবিরোধী দল পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী তিনি। বেনজির ভুট্টো নিহত হওয়ার পর ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জারদারি। দীর্ঘদিন ধরেই তার নামে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। দুর্নীতির জন্য পাকিস্তানে মি. টেন পার্সেন্ট’ নামে পরিচিত ছিলেন জারদারি।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ইসলামাবাদে সাংবাদিকদের বলেন,জারদারি ও তার বোন ফারিয়াল তালপুরসহ ১৭২ জনের বিরুদ্ধে অর্থপাচার ও ভুয়া ব্যাংক হিসাব ব্যবহারের অভিযোগে মামলা করা হয়েছে। ১৭২ জনের সবার নামই ভ্রমণ নিয়ন্ত্রণ তালিকায় রাখা হবে।
এর আগে গত সপ্তাহে ফাওয়াদ চৌধুরী জানিয়েছিলেন,ভুয়া ব্যাংক হিসাব ও কোম্পানির মাধ্যমে জারদারি কীভাবে বিদেশে অর্থপাচার করেছেন তার প্রমাণ যৌথ তদন্ত দল (জেআইটি) পেয়েছে।’
বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমি আশা করি জারদারি এখন জেআইটিকে গুরুত্বের সঙ্গে নেবেন।’ জাতীয় সম্পদ লুটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই তার সরকার ছাড় দেবে না বলেও সতর্ক করেছেন ফাওয়াদ।








