দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দাভাও শহরের ৬০ দশমিক ১ কিলোমিটার গভীরে।
প্রতিবেশী ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামির এক সপ্তাহের মাথায় শনিবার ফিলিপাইনে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানলো। গত শনিবার (২২ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার উপকূলীয় শহর সুমাত্রা ও জাভায় কোনও পুর্বাভাস ছাড়াই সুনামি ভয়াবহ আঘাত হানে। আনাক কারাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণেই এই সুনামির উৎপত্তি। সুনামির আঘাতে নিহত হয়েছেন ৪৩০ জন এবং নিখোঁজ রয়েছেন ১৫৯ জন। এছাড়া আহত হয়েছেন আরও দেড় হাজার মানুষ। ঘরবাড়ি হারিয়েছেন আরও কয়েক হাজার মানুষ। নতুন সুনামির আশঙ্কায় আনাক কারাকাতাউ আগ্নেয়গিরির কাছাকাছি উপকূলীয় এলাকার বাসিন্দাদের সৈকত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এরমধ্যেই শনিবার সকালে নতুন করে ভূমিকম্প আঘাত হানে ফিলিপাইনে। সূত্র: আনাদোলু এজেন্সি, ইউএস জিওলজিক্যাল সার্ভে।








