রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও তুরস্ক সম্মিলিতভাবে এশিয়া ও ইউরোপের নিরাপত্তা জোরদার করবে। রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে পাঠানো নতুন বছরের এক শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
রুশ প্রেসিডেন্টের আবাসিক দফতর ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় পুতিন বলেন, আমি নিশ্চিত রাশিয়া ও তুরস্ক ইউরেশিয়ার নিরাপত্তা জোরদারে এগিয়ে যাবে।
তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সমন্বয় এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সহায়ক হবে।
ভ্লাদিমির পুতিন বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের শুভ বিকাশের মধ্য দিয়ে দুই দেশ সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে অবদান রাখছে।








