নির্বাচনি ফলাফলকে আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে ডিআর কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী মার্টিন ফেলিয়ু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেছেন, জনগণ নির্বাচনের সত্যটা জানার অধিকার রাখে। এই নির্বাচনকে তিনি আগেই ‘ক্যু’ আখ্যা দিয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পর বিক্ষোভের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ডিআর কঙ্গোর নির্বাচন। বৃহস্পতিবার এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে বিরোধী প্রার্থী ফেলিক্স চিসেকেডি প্রায় ৭০ লাখ ভোট পেয়ে জয়ী হন। তবে ফেলিয়ুর অভিযোগ ক্ষমতাসীন দলের প্রার্থী এমানুয়েল শাদারি’র সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির মাধ্যমে জয়ী হয়েছেন চিসেকেডি।
বিবিসির আফ্রিকা সম্পাদক ফার্গেল কিয়ানকে মার্টিন ফেলিয়ু বলেন, সাংবিধানিক আদালতে ঘোষিত ফলাফলকে চ্যালেঞ্জ করবেন তিনি। তিনি বলেন, কঙ্গোর জনগণ পরিবর্তন চায় সেকারণে সত্য জানতে আমার পক্ষে যা করা সম্ভব তার সবকিছুই করবো। তিনি দাবি করেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোসেফ কাবিলার লোক দিয়ে গঠিত আদালতে সফল হওয়ার সুযোগ সীমিত। তবুও প্রতিদ্বন্দ্বিকে এমন কোনও সুযোগ দিতে চান না যাতে সে বলতে পারে তিনি আইন মানেননি। ফালিয়ু বলেন, ‘নিজের শাসনের কুকর্ম অব্যাহত রাখতেই কাবিলা ফেলিক্স চিসেকেডিকে মনোনীত করেছে। কারন এখনকার বস কাবিলা’। ফেলিয়ু বলেন, কাবিলা টিকে থাকতে পারতো না। আর তাকে এমন কাউকে বেছে নিতে হতো যার নিজের কোনও ক্ষমতা নেই। চিসেকেডি জানতো সে জিততে পারবে না।
উপনিবেশিক শক্তি বেলজিয়ামের কাছ থেকে ১৯৬০ সালে স্বাধীনতা লাভ করে ডিআর কঙ্গো। দেশটিতে গত ১৮ বছর ধরে দায়িত্ব পালন করছেন বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা। তার দলের প্রার্থী এমানুয়েল শাদারি ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিলেও তৃতীয় স্থান লাভ করেছে। তার সঙ্গে চিসেকেডির ক্ষমতা ভাগাভাগির চুক্তি হয়েছে বলে অভিযোগ করে আসছেন চিসেকেডি।
ফেলিয়ু আশঙ্কা প্রকাশ করে বলেন নির্বাচন কমিশন প্রতিটি ভোটকেন্দ্র ধরে ধরে সত্যিকার পরিসংখ্যান প্রকাশ না করে তাহলে সহিসংতা তৈরি হতে পারে। বিক্ষোভ করা কঙ্গোর বাসিন্দাদের সাংবিধানিক অধিকার।
ফল ঘোষণার পর চিসেকেডির বিজয় উদযাপন করতে রাস্তায় নেমে আসে তার হাজার হাজার সমর্থক। আর ফেলিয়ুর সমর্থকরা ঘোষিত ফলের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। কিকউয়িত শহরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার খবর পাওয়া গেছে। ওই শহরে দুজন পুলিশ সদস্য ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া এমবানডাকা শহরে ঘোষিত ফলের বিরুদ্ধে হাজার হাজার শিক্ষার্থীর বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুঁড়েছে পুলিশ।








