আজ ২৬ জানুয়ারি ভারতের ৭০ তম প্রজাতন্ত্র দিবস। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ প্রজাতন্ত্র দিবস। দিবসটি উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দিল্লি। এ দিনের অনুষ্ঠান ঘিরে রাজধানীতে মোতায়েন করা হয়েছে প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য। রাজপথে থাকছে ৪০০ মেটাল ডিকেক্টর।
লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ প্রজাতন্ত্র দিবস। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এজন্য অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে চেয়েছিল ভারত। কিন্তু ট্রাম্প প্রশাসন সময় না দেওয়ায় পরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়।
এবার প্রজাতন্ত্র দিবসের প্যারেড চলবে ৯০ মিনিট ধরে। ভারতের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হবে দিল্লির রাজপথে।
দিবসটি উপলক্ষে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। তিনি বলেন, বহুত্ববাদই ভারতের বৈশিষ্ট্য। পাশাপাশি উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণেরও প্রশংসা করেছেন তিনি।
এবারই প্রথম ভারতে এসেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। সঙ্গে তার স্ত্রী ছাড়াও আছেন দেশটির ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল।
এবারের প্রজাতন্ত্র দিবসের অন্যতম প্রধান দিক ভারতের নারী শক্তি। আসাম রাইফেলসের নারীরা এই কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন। তাছাড়া আরেক নারী অফিসার রাজপথে বাইক নিয়ে নানা রকমের কসরত করবেন।
এবারের প্যারেডে অংশ নিচ্ছে আইএনএ-র চার প্রবীণ সৈনিক। মেজর জেনারেল রাজপাল পুনিয়া জানান, তাদের প্রত্যেকের বয়স ৯০ থেকে ১০০ বছরের মধ্যে।
এবার গান্ধির জন্মের সার্ধ শতবর্ষ পূরণ হচ্ছে। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিশেষ সম্পর্ক ছিল। সেটা মনে রেখেই এবারের অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।
দিল্লি মেট্রোর পরিষেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে অনুষ্ঠানের জন্য। কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন স্টেশন বন্ধ থাকছে দুপুর ১২টা পর্যন্ত। পৌনে ৯টা থেকে ১২টা পর্যন্ত বন্ধ থাকছে প্যাটেল চক স্টেশনও।
এদিকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার দিল্লিতে ধরা পড়ে দুই সন্দেহভাজন জঙ্গি। পুলিশের দাবি, তারা নাশকতার ছক করেছিল। সূত্র: এনডিটিভি।








