সামাজিক যোগাযোগ মাধ্যমে আকস্মিকভাবে জনপ্রিয়তা বেড়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের। সদ্য ক্ষমতা হারানো এবং দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা বিরোধী নেতার এই জনপ্রিয়তা বৃদ্ধি নিয়ে কথা বলতে বাধ্য হলেন বর্তমান প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। নাজিবকে হারানো পাকাতান হারাপান জোট চেয়ারম্যান মাহাথির বলেছেন, নাজিবের জনপ্রিয়তা নিয়ে তিনি বিচলিত নন। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এই খবর জানিয়েছে।
শুক্রবার পারদানা লেডারশিপ ফাউন্ডেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহাথির বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি (নাজিব) জনপ্রিয়তা পাচ্ছেন বলেই মনে হচ্ছে। কারণ তিনি প্রচুর মনগড়া কথা বলছেন।’
সম্প্রতি ফেসবুকের এক পোস্টে সরকারের সমালোচনা করেন নাজিব রাজাক। তাতে তিনি তেলের মূল্য বাড়ার বিপরীতে মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিতের অব্যাহত দরপতনের সমালোচনা করেন। নাজিব লিখেছেন, এক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে স্থানীয় মুদ্রা শক্তিশালী হওয়ার প্রবণতা থাকলেও তা এখন বিপরীতে হাঁটছে।
নাজিবের এ সমালোচনা উড়িয়ে দিয়ে মাহাথির বলেন, রিঙ্গিতের দাম কমেনি, সমস্যা হলো মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। তিনি বলেন, আমরা রিঙ্গিতকে আরও শক্তিশালী করার চেষ্টা করছি। এটাকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যথাযথ মূল্যায়নের মাপকাঠি ধরা সঠিক হবে না।
নাজিবের প্রতি পাল্টা প্রশ্ন রেখে মাহাথির বলেন, এখন তিনি সরকারকে যা করতে বলছেন নিজে ক্ষমতায় থাকার সময়ে সেগুলো বাস্তবায়ন করেননি কেন? যদি সেগুলো করতেন তাহলে এখন তিনিই প্রধানমন্ত্রী থাকতেন।








