মস্কোতে আফগান কর্মকর্তাদের সঙ্গে শান্তি আলোচনা চলার সময়ই আফগানিস্তানে হামলা চালিয়েছে তালেবান। তাদের একাধিক হামলায় অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কুন্দুজের একটি সেনাঘাঁটিতে তালেবানের হামলায় ২৬ জন প্রাণ হারান। প্রাদেশিক পরিষদ প্রধান মোহাম্মদ ইউসুফ আইয়্যুব বলেন, অন্তত ২৩ জন সেনা ও ৩ জন স্থানীয় পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন।
অন্যদিকে বাঘলান প্রদেশে এক হামলায় নিহত হয়েছেন ১১ জন। তালেবান সেনারা মঙ্গলবার সেখানকার একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্য আহতও হয়।
তালেবানসহ আফগানিস্তানের সরকারবিরোধীদের নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে রাশিয়া। মঙ্গলবার মস্কোতে এ আলোচনা শুরুর কথা। তালেবানের পাশাপাশি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও এতে অংশ নিচ্ছেন। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার ১০ দিনের মাথায় মস্কোতে এ বৈঠকে অংশ নিচ্ছে তালেবান। এর আগে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়েছে তালেবান।
তবে এর মাঝেই হামলার ঘটনা ঘটলো। আইয়্যুবি বলেন, কুন্দুজ শহরে দিনদিন পরিস্থিতির অবনতি ঘটছে। আবারও তালেবানদের দখলে চলে যেতে পারে শহরটি।
দুটি হামলাতেই তালেবান স্থানীয় পুলিশদের লক্ষ্য করে চালিয়েছে।
২০০১ সালে মার্কিন অভিযানে উৎখাত হওয়ার পর সম্প্রতি আফগানিস্তানের প্রায় অর্ধেক ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। ধারাবাহিক হামলার পাশাপাশি তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে আলোচনায়ও অংশ নিচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে। এর মধ্যেই ৫ ফেব্রুয়ারি মস্কোয় রাশিয়ার সঙ্গে দুই দিনের আলোচনায় বসছে তালেবান।








