২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বারের মতো সেনা, বিমান ও নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের হাতে ভারতীয় বিমান বাহিনীর এক পাইলট আটক হওয়ার পর বুধবার এই বৈঠক করেন তিনি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তিন বাহিনী প্রধানের এই বৈঠক এক ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতের‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়,জইশ-ই মোহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে। ওই হামলার পর তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে এক পাইলটকে আটকের দাবি করে পাকিস্তান। বিপরীতে ভারতও পাকিস্তানের একটি ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে।
পাকিস্তানের হাতে আটক পাইলটকে দ্রুত মুক্তি দিয়ে নিরাপদে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। ভারতের দাবি পাকিস্তানের যুদ্ধবিমান তাদের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই ঘটনাকে ‘বিনা উস্কানিতে পাকিস্তানের আগ্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে কড়া প্রতিবাদ জানানোর প্রক্রিয়া শুরু করেছে ভারত।








