নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে কাশ্মিরের পাকিস্তান সীমান্তের জঙ্গলে বোমা ফেলে ‘গাছ হত্যা’র ঘটনায় জাতিসংঘে ভারতের বিচার চাইবে পাকিস্তান। গাছের ওপর ভারতের এই বিমান হামলাকে ‘পরিবেশ সন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের কর্মকর্তারা।
২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে কাশ্মিরের পাকিস্তান অংশে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহতের দাবি করলেও এর পক্ষে কোনও প্রমাণ দিতে ব্যর্থ হয় দিল্লি। তবে আল জাজিরা ও রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, ওই হামলায় কোনও মানুষ নিহত না হলেও বোমার তীব্রতা ছিল ভয়ানক। এতে ১৫টি পাইন গাছ উপড়ে গেছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট চারটি গর্তও নজরে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর। এমন পরিস্থিতিতেই শুক্রবার ভারতের বিরুদ্ধে ‘গাছ হত্যা’র বিচার চেয়ে জাতিসংঘের শরণাপন্ন হওয়ার ঘোষণা দেয় পাকিস্তান।
পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মালিক আমিন আসলাম বলেছেন, ভারতীয় যুদ্ধবিমান থেকে সংরক্ষিত বনাঞ্চলে বোমাবর্ষণ করা হয়েছে। এর ফলে সেখানে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার খতিয়ান তৈরি করছে ইসলামাবাদ।
মালিক আমিন আসলাম বলেন, কাশ্মিরের জঙ্গলে ভারত যা করেছে এটি হচ্ছে পরিবেশ সন্ত্রাসবাদ। বহু পাইন গাছের মৃত্যু হয়েছে। এটি পরিবেশের জন্য বড় ধরনের ক্ষতি। জাতিসংঘসহ অন্যান্য ফোরামে ভারতের ‘গাছ হত্যা’ তথা পরিবেশের ওপর হামলার বিরুদ্ধে অভিযোগ জানাবে পাকিস্তান।
Pakistan to lodge UN complaint against India for "eco-terrorism" forest bombing.
— Ministry of Climate Change, Govt of Pakistan (@ClimateChangePK) March 1, 2019
Malik Amin Aslam @aminattock
Advisor to PM on Climate Change
The recent Indian dumping of payload has caused damaged to trees and nature reserve under Pakistan's #BillionTreeTsunami pic.twitter.com/IxnQ2cDLi7
ইসলামাবাদের অভিযোগ, দিল্লি যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ করে জঙ্গলের ভেতরে বহু গাছ হত্যা করেছে। এভাবে নির্বিচারে গাছ হত্যা প্যারিস জলবায়ু চুক্তির লঙ্ঘন। সূত্র: রয়টার্স।








