২০ বছর ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকার পদত্যাগের পর অন্তর্বর্তী নেতা নির্ধারণ করতে মঙ্গলবার বৈঠকে বসছে আলজেরিয়ার পার্লামেন্ট। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে সেদিন স্থানীয় সময় সকাল নয়টায় পার্লামেন্টের দুই কক্ষের বৈঠক শুরু হবে। আলজেরিয়ার বর্তমান সংবিধান অনুযায়ী পার্লামেন্টে উচ্চকক্ষের স্পিকার বর্তমানে ৭৭ বছর বয়সী আবদেল কাদের বেনসালাহ অন্তবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। দায়িত্ব নিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা তার। তবে তাকে বুতেফলিকার সহযোগী আখ্যা দিয়ে রাজধানী গত শুক্রবারও বিক্ষোভ হয়েছে।
পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৮২ বছর বয়স্ক ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকা ওই নির্বাচনে পঞ্চমবারের মতো প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভে নামে আলজেরিয়ার মানুষ। ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া বিক্ষোভের জেরে ১১ মার্চ প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন। তারপরও বিক্ষোভ অব্যাহত থাকলে ৩ এপ্রিল পদত্যাগের ঘোষণা দেন তিনি।
শনিবার পার্লামেন্টের উচ্চকক্ষের যোগাযোগ প্রধান সালিম রাবাই বলেন, আশা করা হচ্ছে মঙ্গলবার আইনপ্রণেতারা প্রেসিডেন্টের পদে শূন্য ঘোষণা করবেন এবং আবদেল কাদের বেনসালাহকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করবেন।
বুতেফলিকার পদত্যাগ সত্ত্বেও তার মূল সহযোগীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিতে দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের মূল অভিযোগের তীর প্রধানমন্ত্রী নুরেদ্দিন বেদুই, সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট তায়েব বেলআজিজ এবং পার্লামেন্টের উচ্চ কক্ষের প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহ’র দিকে।








