ভারতে ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। তাদের সবাই দুর্গত ওড়িশা রাজ্যের বিভিন্ন স্থানের বাসিন্দা। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।
ঝড়ের তাণ্ডবে পুরী এলাকায় এক কিশোরসহ তিনজনের মৃত্যু হয়েছে। ভুবনেশ্বরে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নয়াগড় মাথায় মৃত্যু বয়েছে এক নারীর। নয়াগড় ও কেন্দ্রপাড়ায় মৃত্যু হয়েছে আরও তিন জনের।
নিহতদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আশ্রয়শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঝড়ের মধ্যে বাইরে যাওয়া এক ব্যক্তির ওপর গাছ পড়লে তিনিও নিহত হন।
১৯৯৯ সালের ঘূর্ণিঝড়ের পর এটাই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী। ঝড়ের তাণ্ডব থেকে নাগরিকদের সুরক্ষায় ইতোমধ্যেই প্রায় ১২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছেন, ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎ পরিষেবা চালু করাই এখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ঝড়ের তাণ্ডবে প্রায় গোটা ওড়িশাজুড়েই ধ্বংসের ছবি। গাছপালা উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে বিশাল আকারের ক্রেন। রাস্তার মধ্যে লুটিয়ে পড়েছে বিএসএনএল টাওয়ার। ভুবনেশ্বর স্টেশনের ছাউনি উড়ে গেছে। গোটা স্টেশন লণ্ডভণ্ড হয়ে গেছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন পরিষেবা। তথৈবচ অবস্থা ভূবনেশ্বরের বিজু পট্টনায়েক বিমানবন্দরের। সেখানকার প্রবেশপথের গেট ভেঙে গেছে।
ইতোমধ্যেই ক্ষয়ক্ষতির পর্যালোচনা শুরু করেছে ওড়িশার রাজ্য সরকার। তবে এটি যথেষ্ট সময়সাপেক্ষ হবে বলে প্রতীয়মান হচ্ছে।
ফণীর তাণ্ডব মোকাবিলায় কলকাতায়ও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। কলকাতার সর্বোচ্চ বহুতল ভবন 'দ্য ৪২' খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। খুলে নেওয়া হয়েছে শহরের রাস্তায় থাকা যাবতীয় হোর্ডিং। নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক অফিসেও ছুটি ঘোষণা করা হয়েছে। তিনদিন বন্ধ থাকবে ইকো পার্কের সব রাইড, বন্ধ থাকবে চিড়িয়াখানা। এক্সিস, কোয়েস্ট-সহ শহরের একাধিক শপিং মল বন্ধ করে দেওয়া হয়েছে। মাল্টিপ্লেক্সগুলোতে বাতিল হয়েছে শো। প্রায় ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘুর্ণিঝড় ছিল ফণী। তবে আগাম সতর্কতা নেওয়ায় বেঁচে গেছে বহু মানুষের প্রাণ। শুক্রবার ভুবনেশ্বরে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার।
এদিকে, ওড়িশার ধ্বংসলীলা সরেজমিনে দেখতে সোমবার অঞ্চলটি সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারই রাজস্থানে তিনি ওড়িশার জন্য আগাম এক হাজার কোটি রুপি বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন। টুইটারে দেওয়া পোস্টে মোদি জানান, সরেজমিনে সামগ্রিক পরিস্থিতি পরিদর্শনে ৬ মে সোমবার ওড়িশা সফরে যাবেন তিনি।








