আগামী ৫ জুলাই বর্তমান অর্থবছরের বাজেট ঘোষণা করবেন ভারতের নবনিযুক্ত অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ৫ দশমিক ৮ শতাংশ আর্থিক প্রবৃদ্ধির ফলে দুই বছরের মধ্যে এই প্রথম চীনের পেছনে পড়েছে ভারত। বেকারত্বের হার ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ৬ দশমিক ১ শতাংশ বেড়েছে। এসব অংক থেকে এটা পরিষ্কার যে, দায়িত্ব সামলাতে নির্মলা সীতারামন-কে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
এর আগে নির্মলা সীতারমন বাণিজ্যমন্ত্রী ছিলেন। জুনিয়র অর্থমন্ত্রী হিসেবে গত মোদি সরকারে কাজ করেছিলেন। এবার অরুণ জেটলির অসুস্থতার ফলে তিনি পূর্ণ দায়িত্ব পেলেন।
বিজেপি সভাপতি অমিত শাহ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন এমন গুঞ্জন ছিল। কিন্তু মোদি তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।
বিপুল আসনে জিতে মোদির দ্বিতীয়বার ক্ষমতায় আসার রূপকার হিসেবে চিহ্নিত অমিত শাহ রাজনাথ সিংহের জায়গায় ওই মন্ত্রলায়ের দায়িত্ব পান। রাজনাথকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৫৯ বছরের সীতারামন মোদির মন্ত্রিসভার সবচেয়ে বয়স্ক নারী মন্ত্রী। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরে দ্বিতীয় নারী হিসেবে তিনি এই দায়িত্ব পেলেন।
নতুন সরকারের প্রথম ১০০ দিনে বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের কথা ভাবছে দ্বিতীয় মেয়াদের মোদি সরকার। রাজ্য সম্পত্তির ব্যক্তিগতকরণ এবং ব্যবসায়ীদের শ্রমিক ও জমি আইনে ছাড়ের কথা ভাবা হচ্ছে বলে সরকারি সূত্র থেকে রয়টার্সকে জানানো হয়েছে।
শুক্রবার নতুন সরকারের প্রথম বৈঠকে মন্ত্রিসভার পক্ষ থেকে কৃষকদের একটি প্রকল্প সম্প্রসারিত করে বার্ষিক ৬ হাজার রুপি করার ঘোষণা দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি।








