প্রবল বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের মহারাষ্ট্র। প্রবল বর্ষণ ও সৃষ্ট বন্যায় ওই রাজ্যের পুনে জেলায় ১১ জনসহ কমপক্ষে ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার কর্মকর্তা জানিয়েছেন, এতে আরও ১১ জন নিখোঁজ রয়েছে।
পুনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, পুনে-ব্যাঙ্গালুরু হাইওয়ে এলাকার খেদ-শিবাপুরে বন্যার প্রবল স্রোতে পাঁচজনকে ভাসিয়ে নিয়ে যায়। তাদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, বুধবার রাত থেকে পুনে জেলার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় দেয়ালও ভেঙে পড়েছে। এর ফলে পুনেসহ তিন জেলা থেকে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলার জন্য জলমগ্ন এলাকাগুলোতে নজরদারি চালানো হচ্ছে। নিচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষ নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
পুনের মুখ্য দমকল কর্মকর্তা প্রশান্ত রণপিস বলেন, বুধবার রাতে প্রবল বৃষ্টির ফলে আর্নেশ্বর এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। অনেক বাড়ির দেয়ালও ভেঙে যায়। একটি বিল্ডিংয়ের দেয়াল ভেঙে পড়ে ৯ বছরের এক বালকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সাহাকারনগরের একটি জলমগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে ৫ জনের মরদেহ। এছাড়া সিংগাদ রোডে ভেসে যাওয়া একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ।
উল্লেখ্য, বুধবার থেকে প্রবল বৃষ্টির জন্য পুনে জেলার বিভিন্ন অংশ প্লাবিত হয়েছে। জলমগ্ন ওই এলাকাগুলোতে উদ্ধার কাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। পুরো জেলায় কমবেশি ৩০০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিপর্যস্ত মানুষদের প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। আর্থিক সাহায্য করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।








