ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো’র একজন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এস সুরেশ (৫৬) নামের ওই ব্যক্তি ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে (এনআরএসসি) কর্মরত ছিলেন। মঙ্গলবার হায়দরাবাদের অ্যাপার্টমেন্ট থেকে ওই বিজ্ঞানীর মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ বলছে, ইসরোর বিজ্ঞানী এস সুরেশের আসল বাড়ি কেরালায়। কর্মসূত্রে হায়দরাবাদের ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। মঙ্গলবার শহরের প্রাণকেন্দ্র আমিরপেট এলাকার অন্নপূর্ণা অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, এস সুরেশ ফ্ল্যাটে একাই থাকতেন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, ইসরোর বিজ্ঞানীকে খুন করা হয়েছে। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ভারী কিছু দিয়ে তার মাথায় পেছন থেকে আঘাত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা, কী উদ্দেশ্যে বিজ্ঞানীকে খুন করল, তা খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবার সুরেশ কর্মক্ষেত্রে না যাওয়ায় সহকর্মীরা মোবাইলে ফোন করেন। বারবার ফোন করেও সাড়া না মেলায় সুরেশের স্ত্রী ইন্দিরাকে ফোন করেন ওই সহকর্মীরা। ইন্দিরা চেন্নাইয়ের একটি ব্যাংকের কর্মী। বাড়িতে এসে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ দেখে, পরিবারের কয়েকজনকে ফোন করেন তিনি। তারা বাড়িতে এলে, সবাই মিলে থানায় যান। পুলিশ এসে দরজা ভাঙলে দেখা যায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন বিজ্ঞানী। পুলিশের ধারণা, ভারী কিছু দিয়ে তাকে মাথায় আঘাত করা হয়েছিল।








