যুক্তরাজ্যের এসেক্সে লরিতে উদ্ধার হওয়া ৩৯টি মরদেহ চীনা নাগরিকদের। বৃহস্পতিবার এসেক্স পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার একটি ফ্রিজিং লরিতে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী ও পুরুষ উভয়েই রয়েছে। বেলজিয়াম কর্তৃপক্ষ লরিটির বিস্তারিত গতিপথ প্রকাশ এবং ব্রিটিশ পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরুর ঘোষণা দেওয়ার পর নিহতদের জাতীয়তা নিশ্চিতের খবর সামনে এলো বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
বুধবার যুক্তরাজ্যের এসেক্সে একটি লরি থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর ছিল। এ ঘটনায় উত্তর আয়ারল্যান্ড থেকে সন্দেহভাজন হত্যাকারী হিসেবে ২৫ বছরের লরি চালককে গ্রেফতার করা হয়েছে। বুধবার পুলিশ জানায়, ট্রাকটি বেলজিয়াম-বুলগেরিয়া থেকে ১৯ অক্টোবর যুক্তরাজ্যের ওয়েলসের হলিহেড এলাকায় প্রবেশ করে।
বৃহস্পতিবার বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর ৩৯ জন নিহতের ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন। পরিবহন সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে এই তদন্ত পরিচালিত হবে। ব্রিটিশ পুলিশ ও বিচারিক কর্তৃপক্ষের নিবিড় সহায়তায় এই তদন্ত পরিচালিত হবে বলে জানানো হয়।
এক বিবৃতিতে প্রসিকিউটর জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, লরিটি স্থানীয় সময় ২ টা ৪৯ মিনিটে বেলজিয়ামের জিব্রুজ বন্দরে পৌঁছায় আর একই দিন সেখান থেকে চলে যায়। বৃহস্পতিবার সকাল একটায় এটি এসেক্সের পারফ্লিটে পৌঁছে। এসেক্সের অ্যাম্বুলেন্স কর্মীরা একটা ৪০ মিনিটে এসব মরদেহের সন্ধান পাওয়ার বিষয়ে পুলিশকে সতর্ক করে।
বেলজিয়ামের তদন্তকারীরা বলছেন, মরদেহগুলো কখন লরিতে রাখা হয়েছে বা বেলজিয়ামের কোথা থেকে তা তোলা হয়েছে তা স্পষ্ট নয়। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিবাসীদের রেফ্রিজারেটর লরির অভ্যন্তরে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবেশ করানো হলে তারা সবাই মারা যায়।
জিব্রুজ বন্দরের প্রধান নির্বাহী জোকাচিম কোয়েনস বলেছেন, তাদের বন্দরে এসব মানুষকে লরিতে প্রবেশ করানো হয়েছে বলে মনে হয় না। টেলিভিশন চ্যানেল ভিআরটিকে তিনি বলেন, বন্দরের রেফ্রিজারেটর কন্টেইনার এলাকা সম্পূর্ণভাবে সিল করা থাকে। তল্লাশির সময় লাইসেন্স প্লেটের সঙ্গে সিলও পরীক্ষা করে দেখা হয়। চালককেও ক্যামেরা দিয়ে পরীক্ষা করা হয়। এসব পরীক্ষা শেষে তবেই একটি লরি বোঝাই করার অনুমতি পায়।
বুধবার রাতে উত্তর আয়ারল্যান্ডের দুটি ঠিকানায় তল্লাশি চালিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে এর সঙ্গে ড্রাইভার আটকের সংশ্লিষ্টতা রয়েছে। হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার দায়ে ২৫ বছর বয়সী লরি চালক মো রবিনসনকে আটক করেছে এসেক্স পুলিশ।
প্রসঙ্গত, ফ্রান্সের কর্তৃপক্ষ অভিবাসীদের জন্য কালাইস বন্দরের নিয়ন্ত্রণ জোরালো করার পর যুক্তরাজ্যে প্রবেশের জন্য অভিবাসন প্রত্যাশীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে উত্তর বেলজিয়াম।








