ফের ভারতের হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা মনোহর লাল খট্টর। স্থানীয় সময় রবিবার দুপুরে দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপি-র জোটসঙ্গী জেজেপি নেতা দুষ্মন্ত চৌটালা। এই জোট সরকার গঠনের নেপথ্যে ছিলেন বিজেপি-র কেন্দ্রীয় সভাপতি ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার জেজেপি প্রধান দুষ্মন্ত চৌটালা অমিত শাহের সঙ্গে সাক্ষাত করতেই সব জট কেটে গিয়ে বিজেপি-জেজেপি-র সমঝোতা হয়ে যায়। সরকার গঠনে বিজেপিকে সমর্থন দিতে রাজি হয় জেজেপি। শর্ত অনুযায়ী মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী পদ ভাগ করে নেয় দুই দল।
শনিবার খট্টর বলেন, আমাদের প্রস্তাব গ্রহণ করে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। রবিবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। দুষ্মন্ত চৌটালা হবেন উপমুখ্যমন্ত্রী।
এদিকে শুক্রবার বিজেপি-র সঙ্গে জেজেপি-র সমঝোতা হতেই তিহাড় জেল থেকে মুক্তি পেয়েছেন দুষ্মন্ত চৌটালার বাবা অজয় চৌটালা। তিনি আজ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, হরিয়ানায় এবারের বিধানসভা নির্বাচনের ফলে বিপাকে পড়ে যায় বিজেপি। মাত্রা ৪০ আসনেই থেমে যায় দলটি। ১০ আসন পায় জননায়ক জনতা পার্টি (জেজেপি)। ৭টিতে আসনে জিতে আসেন স্বতন্ত্র প্রার্থীরা। ফলে সরকার গঠন করতে গিয়ে স্বতন্ত্রদের সঙ্গেও সমঝোতায় যেতে হয় বিজেপি-কে। শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে সরকারে শামিল হয়েছে জেজেপির ১০ এবং স্বতন্ত্র ৭ বিধায়ক। সূত্র: জি নিউজ।








