প্যারিসে সন্ত্রাসী হামলার পর আইফেল টাওয়ার ও ল্যুভর জাদুঘরসহ পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ। শনিবার এক আদেশে এ ঘোষণা দেয় দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। এছাড়া এসব স্থাপনাগুলোয় জোরদার করা হয়েছে পুলিশি প্রহরা। বড় বড় হোটেল বিশেষ করে যেগুলো পর্যটকরা থাকেন সেগুলো ঘিরে রেখেছে পুলিশ।
হামলার পরপরই ফ্রান্স কর্তৃপক্ষ আইফেল টাওয়ার বন্ধ করে দেয়। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। শুক্রবারের ওই হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে সাড়ে ৩০০ লোক।
হামলার পর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস। তিনি বলেন, ‘বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটুকু বলতে পারি যে, সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক লড়াই আরও জোরদার করা উচিত।’ সূত্র: রয়টার্স।
/এসটি/ এএইচ/








