পাকিস্তানজুড়ে শরিয়াহ আইন চালু করতে দেশটির সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলেন ইসলামাবাদের লাল মসজিদের ইমাম মাওলানা আবদুল আজিজ। ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের ১৮৪(৩) অনুচ্ছেদের আওতায় শরিয়াহ আইন চালুর জন্য তিনি সুপ্রিম কোর্টে একটি সাংবিধানিক পিটিশন দায়ের করেছেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
‘পবিত্র কোরআনে মুসলিমদের জীবন-যাপনজনিত নির্দেশিকার আলোকে পাকিস্তানি সংবিধানে যেসব ব্যবস্থা নেয়া যায় তা কায়েমে আঞ্চলিক ও প্রাদেশিক সরকারকে নির্দেশ দেয়া’র জন্য অনুরোধ করা হয়েছে আজিজের ওই পিটিশনে। একইসঙ্গে ২৫(এ) অনুচ্ছেদের আওতায় ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য শিক্ষাকে বিনামূল্য এবং বাধ্যতামূলক করারও অনুরোধ করা হয়েছে।
‘দেশজুড়ে শরিয়াহ আইন বাস্তবায়ন’ নামে সম্প্রতি চালু হওয়া ক্যাম্পেইনের ওপর জেলা প্রশাসনের দেয়া সতর্কতাটি গত মাসে প্রত্যাখ্যান করেন মাওলানা আবদুল আজিজ। রবিবার প্রকাশিত হওয়া এক ভিডিওতে আজিজ বলেন, ‘ইসলামী ব্যবস্থা কায়েমের জন্যই পাকিস্তানের সৃষ্টি, কিন্তু এটি জন্ম থেকেই ইসলাম থেকে দূরে।’ নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবেন বলেও সেসময় ঘোষণা দেন তিনি।
/এফইউ/








