উত্তর কোরিয়া এখন একটি শক্তিশালী হাউড্রোজেন বোমার মালিক বলে দাবি করেছেন দেশটির নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাতে খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আর এ দাবিটি সত্য হয়ে থাকলে উত্তর কোরিয়া যে পারমাণবিক সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিতে পৌঁছে গেছে তা আর অস্বীকার করার উপায় থাকবে না। তবে এখনও কিমের দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের অনেকে এ ব্যাপারে সন্দেহ জানিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
উত্তর কোরীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে বলা হয়, পিয়ংইয়ং-এ একটি ঐতিহাসিক সামরিক এলাকা পরিদর্শনের সময় কিম দাবি করেন, ‘দেশের সার্বভৌমত্ব আর মর্যাদার সুরক্ষায় নিজেদের তৈরি করা একটি হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটানোর মতো প্রস্তুতি উত্তর কোরিয়ার রয়েছে।’
পারমাণবিক অস্ত্রের সক্ষমতা নিয়ে উত্তর কোরিয়া এর আগে বিভিন্ন দাবি করে আসলেও হাইড্রোজেন বোমা নিয়ে দেশটির এটাই প্রথম দাবি বলে মনে করা হচ্ছে।
এর আগে তিনটি আন্ডারগ্রাউন্ড পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়ার নতুন এ দাবিটি নিয়ে সন্দেহ জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ এ ডিভাইসটি পারমাণবিক বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী।
চাথাম হাউজের এশিয়া প্রোগ্রামের প্রধান জন নিলসন-রাইটের মতে, ‘উত্তর কোরিয়ার সায়ত্ত্বশাসন এবং নিজের রাজনৈতিক কর্তৃত্ব জাহির করতে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন কিম।’
তবে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা তৈরির চেষ্টা করছে বলে স্বীকার করলেও এখনই তারা তা তৈরি করে ফেলেছে বলে মনে করেন না দক্ষিণ কোরিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি ইনস্টিটিউটের গবেষক লী চান-জিউন।
/এফইউ/এএ/








